হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯১৫
দেশে হামের প্রকোপে উদ্বেগজনক পরিস্থিতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১৭ আগস্ট পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯১৫। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৮১৬ শিশু এবং পরীক্ষায় হাম শনাক্ত হওয়ার পর মৃত্যু হয়েছে ৯৯ শিশুর।
সোমবার (১৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনের হিসাব অনুযায়ী, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৮১ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। একই সময়ে পরীক্ষায় ৫০ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে একদিনে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩১ শিশু।
এ সময়ে নতুন করে ৯২৯ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৯৭৪ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, গত ১৫ মার্চ থেকে ১৭ আগস্ট পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৩ হাজার ৭৭৮। একই সময়ে পরীক্ষার মাধ্যমে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৭ হাজার ৯৩০ শিশুর।
এ সময়ে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ২৫ হাজার ৩৮৬ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ২০ হাজার ৯১৩ শিশু হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে।
হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা ধারাবাহিকভাবে বাড়তে থাকায় শিশুদের চিকিৎসা ও রোগ প্রতিরোধে স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপরও বাড়তি চাপ তৈরি হয়েছে।
Comments