বিএনপি সরকারের ৬ মাসে নতজানু পররাষ্ট্রনীতির অবসান হয়েছে: মাহদী আমিন
দায়িত্ব গ্রহণের ১৮০ দিনে বিএনপি সরকার 'নতজানু পররাষ্ট্রনীতির' অবসান ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন।
সোমবার (১৭ আগস্ট) বেলা ১১টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের 'শাপলা' হলে বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন পূর্তি উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মাহদী আমিন বলেন, গত ছয় মাসে নতজানু পররাষ্ট্রনীতির অবসান হয়েছে। এখন সমতা ও ন্যায্যতার ভিত্তিতে বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলা হবে। দেশের অভ্যন্তরীণ বিষয়ে কারও হস্তক্ষেপের সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
বিদেশি বিনিয়োগ বাড়াতে সরকার বিনিয়োগবান্ধব নীতিমালা গ্রহণ করেছে জানিয়ে তিনি বলেন, একই সঙ্গে রাজনৈতিক হয়রানিমুক্ত পুলিশ ও প্রশাসন গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
গত ছয় মাসে সরকারের প্রতি জনগণের 'অভূতপূর্ব সমর্থন' পাওয়া গেছে দাবি করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র বলেন, নির্বাচনের পরপরই নির্বাচনী ইশতেহারে দেওয়া কর্মসূচি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। ইশতেহারের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি জানান, দেশে ২০০টি ইলেকট্রনিক বাস আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া অর্থনীতিতে সংস্কার কার্যক্রম এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল প্রণয়নের কাজও অনেকটা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
মাহদী আমিন বলেন, ১৬ বছরের 'ফ্যাসিবাদী শাসনের' পর ধ্বংসস্তূপের মধ্য থেকে বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার কাজ চলছে। দায়িত্ব গ্রহণের ছয় মাসে সরকার সবার বাকস্বাধীনতা ও মানবাধিকার নিশ্চিত করেছে বলেও দাবি করেন তিনি।
Comments