চট্টগ্রাম বিমানবন্দরে আমদানি নিষিদ্ধ সিগারেট-আইফোনের চালান জব্দ
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি নিষিদ্ধ সিগারেট ও আইফোনের একটি চালান জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।
সোমবার (১৭ আগস্ট) সকাল ৯টা ২০ মিনিটে গোয়েন্দা সংস্থার গোপন তথ্যের ভিত্তিতে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটের তিন যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে এসব পণ্য জব্দ করা হয়।
তল্লাশির সময় তিন যাত্রীর লাগেজ থেকে ৭৮২ কার্টন সিগারেট ও ১৩টি আইফোন উদ্ধার করা হয়। এ ছাড়া বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় আরও ১ হাজার ২০ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে।
কাস্টমস সূত্র জানিয়েছে, জব্দ করা সিগারেট ও আইফোনের আনুমানিক বাজারমূল্য ৫১ লাখ ৪ হাজার টাকা।
অভিযুক্ত তিন যাত্রী হলেন ফেনীর ছাগলনাইয়া উপজেলার মঈনুল আবদিন, আব্দুল মান্নান ও নুরুল আলম রিয়াদ।
তবে জিজ্ঞাসাবাদ শেষে তিন যাত্রীকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দরের মিডিয়া অফিসার প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।
Comments