সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ হয়েছে: শিক্ষামন্ত্রী
সরকারের দায়িত্ব গ্রহণের প্রথম ১৮০ দিনের 'হানিমুন পিরিয়ড' শেষ হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, এই সময়ের মধ্যে সরকার বিভিন্ন সমস্যা চিহ্নিত করেছে এবং এখন সেগুলোর সমাধানে গুরুত্ব দেওয়া হচ্ছে।
সোমবার (১৭ আগস্ট) আয়োজিত কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, কিউএস রেটিংয়ে শুধু উন্নত দেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান বিবেচনা করা হয় কেন—সার্কভুক্ত দেশগুলোর বিশ্ববিদ্যালয়গুলোর জন্যও এমন রেটিং ব্যবস্থা থাকা উচিত। এটি করা হলে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোও এগিয়ে থাকার সুযোগ পেত।
বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে পিএইচডি ডিগ্রি চালু না হওয়া নিয়েও প্রশ্ন তোলেন এহছানুল হক মিলন। তিনি বলেন, এত বছরেও কেন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে পিএইচডি কার্যক্রম চালু করা সম্ভব হয়নি, তা নিয়ে ভাবতে হবে।
দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে থাকা গবেষকদের প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশে অনেক গবেষক রয়েছেন, যারা বিশ্বের বিভিন্ন দেশের উন্নয়ন ও গবেষণায় নিজেদের জ্ঞান ও দক্ষতা কাজে লাগাচ্ছেন। কিন্তু তাদের অনেককেই দেশের কাজে যুক্ত করা যাচ্ছে না।
তিনি বলেন, এসব গবেষককে খুঁজে বের করতে না পারা বাংলাদেশের ব্যর্থতা। বিষয়টি নিয়ে সরকার এখন গুরুত্ব দিয়ে কাজ করছে।
Comments