গ্যাস না পেয়ে চট্টগ্রামে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
গ্যাস সংকটে ক্ষুব্ধ হয়ে চট্টগ্রাম নগরের ষোলশহর এলাকায় সড়ক অবরোধ করেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকরা। শুক্রবার (১৪ আগস্ট) ভোর থেকে সড়কে অবস্থান নেন তারা। এতে মুরাদপুর থেকে দুই নম্বর গেইট পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়।
চালকদের অভিযোগ, ঘণ্টার পর ঘণ্টা ফিলিং স্টেশনের সামনে অপেক্ষা করেও গ্যাস মিলছে না। সরবরাহ কখন স্বাভাবিক হবে, সে বিষয়ে স্টেশন কর্তৃপক্ষও নির্দিষ্ট কোনো তথ্য দিতে পারছে না। নগরের বিভিন্ন ফিলিং স্টেশনেও একই পরিস্থিতি তৈরি হওয়ায় সিএনজিচালিত অটোরিকশার সংখ্যা কমে গেছে। এতে চালকদের পাশাপাশি ভোগান্তিতে পড়েছেন যাত্রীরাও।
মনু মিয়াজি নামে এক চালক বলেন, 'দুই দিন ধরে গাড়ি চালাতে পারিনি। কোনো আয় নেই। অথচ গাড়ির জমা ও সংসারের খরচ দিতে হচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও যদি গ্যাস না পাই, তাহলে আমরা কীভাবে বাঁচব?'
ষোলশহরের ফসিল ফিলিং স্টেশনের এক কর্মকর্তা জানান, গ্যাসের সরবরাহ না থাকায় সিএনজিতে গ্যাস দেওয়া সম্ভব হচ্ছে না। সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদেরও কিছু করার নেই।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহেদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশের একটি দল রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে চালকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।
Comments