শাহবাগে পরীক্ষামূলক স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু
রাজধানীর যানজট কমানো ও ট্রাফিক ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে শাহবাগ মোড়ে পরীক্ষামূলকভাবে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
বৃহস্পতিবার শাহবাগ মোড়ে এ সিগন্যাল ব্যবস্থার উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক বলেন, ঢাকার অন্যতম বড় সমস্যা তীব্র যানজট। এর কারণে প্রতিদিন নগরবাসীর মূল্যবান কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে প্রযুক্তিনির্ভর স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, ঢাকা মহানগরীর ২০টি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে প্রাথমিকভাবে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে ডিএসসিসির আওতাধীন আটটি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনকে প্রথম ধাপে চিহ্নিত করা হয়েছে। এগুলো হলো—বাংলামোটর, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, মিন্টো রোড, কাকরাইল সার্কেল, মৎস্য ভবন, কদম চত্বর, শিক্ষা ভবন ও শাহবাগ মোড়।
আব্দুস সালাম বলেন, আধুনিক ট্রাফিক সিগন্যাল চালুর কার্যক্রম এখানেই শেষ হচ্ছে না। আগামী কয়েক মাসের মধ্যে ঢাকা মহানগরীর আরও ৫০টি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে এ ব্যবস্থা চালুর লক্ষ্য রয়েছে। এর মধ্যে ডিএসসিসির আওতাধীন আরও ২২টি ইন্টারসেকশনে ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালু করা হবে।
নগরবাসী ও গাড়িচালকদের ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, সড়কে যত্রতত্র গাড়ি পার্কিং বন্ধ করতে হবে। চালক ও পথচারীদের ট্রাফিক সিগন্যাল, সতর্কীকরণ সাইন, রোড মার্কিং, জেব্রা ক্রসিং ও নির্ধারিত লেন মেনে চলতে হবে। পাশাপাশি ইন্টারসেকশনে কোনো ধরনের প্রতিবন্ধকতা বা ভাসমান দোকান রাখা যাবে না।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদার, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোয়াজ্জেম হোসেন, প্রফেসর ড. মুহাম্মদ হাদিউজ্জামান এবং ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ আনিসুর রহমান উপস্থিত ছিলেন।
Comments