অবশেষে ‘আর্জেন্টিনার জামাই’ ক্রিস্টিয়ানো রোনালদো! পূর্ণতা পেল ১০ বছরের প্রেম
আলোচনার দীর্ঘ অধ্যায় শেষ করে অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বিশ্ব ফুটবলের মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও তাঁর দীর্ঘদিনের জীবনসঙ্গী জর্জিনা রদ্রিগেজ। জর্জিনা আর্জেন্টিনার বুয়েনস এইরেসে জন্মগ্রহণ করায় এই বিয়ের সুবাদে পর্তুগিজ যুবরাজ এখন আনুষ্ঠানিকভাবে 'আর্জেন্টিনার জামাই'!
রাজকীয় বিয়ে ও ইনস্টাগ্রামের সুনামি
পর্তুগিজ সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গত রাতে লিসবনের কাছাকাছি কাসকাইস এলাকায় একান্তে গাঁটছড়া বাঁধেন এই জুটি। তাঁদের এই বিশেষ দিনে সঙ্গী হয়েছিল তাদের পাঁচ সন্তান। বাংলাদেশ সময় গত রাতে নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন রোনালদো। ছবিতে জর্জিনার হাতের ওপর নিজের হাত রাখা অবস্থায় দুজনকে আংটি পরিহিত দেখা যায়। ক্যাপশনে 'সি' ও 'জি' অক্ষরের মাঝে ভালোবাসার ইমোজি দিয়ে মুহূর্তটি ভাগ করে নেন তিনি। পোস্ট করার মাত্র ৩০ মিনিটের মধ্যেই ছবিটি ৩ মিলিয়নের (৩০ লাখ) বেশি লাইক কুড়িয়ে নেয়।
গত বছরের ১১ আগস্ট একটি বড় আংটির ছবি দিয়ে বাগদানের ঘোষণা দিয়েছিলেন তাঁরা। ঠিক তার এক বছর পর সম্পর্ককে দিলেন বৈধতা।
২০১৬ সালে রিয়াল মাদ্রিদে খেলার সময় মাদ্রিদের একটি গুচি শো-রুমে বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন জর্জিনা। সেখান থেকেই শুরু হয় তাঁদের পরিচয় ও প্রেম। দীর্ঘ ১০ বছরের সেই প্রেম অবশেষে গত রাতে পেল রাজকীয় পরিণতি।
রোনালদোর বর্ণাঢ্য ক্যারিয়ার এক নজর: ২৪ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে প্রতিযোগিতামূলক ফুটবলে রোনালদোর গোলসংখ্যা ৯৭৬টি। স্পোর্তিং সিপি, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাস ঘুরে বর্তমানে তিনি খেলছেন আল নাসরে। পর্তুগালের জার্সিতে ২৩৩ ম্যাচে ১৪৬ গোল নিয়ে তিনি আন্তর্জাতিক ফুটবলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। কিছুদিন আগেই তিনি ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ খেলেছেন।
Comments