প্রাণনাশের হুমকি পেয়ে সৌরভ গাঙ্গুলী পুলিশের শরণাপন্ন
ভারতের সাবেক অধিনায়ক ও ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতি সৌরভ গাঙ্গুলী প্রাণনাশের হুমকিসূচক একাধিক চিঠি পেয়েছেন। এর মধ্যে একটি চিঠিতে তাঁকে ও তাঁর স্ত্রী ডোনা গাঙ্গুলীকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। গত কয়েক মাস ধরে এ ধরনের চিঠি আসলেও সম্প্রতি তা চরম আকার ধারণ করায় তিনি বাধ্য হয়ে পুলিশের শরণাপন্ন হয়েছেন।
ভারতের বার্তা সংস্থা পিটিআই ও সংবাদমাধ্যম নিউজ১৮-এর তথ্য অনুযায়ী, সৌরভ গাঙ্গুলীর কার্যালয়ে গতকাল সর্বশেষ হুমকিসূচক চিঠিটি পৌঁছায়। এরপর দক্ষিণ কলকাতার ঠাকুরপুকুর থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন তাঁর ব্যবস্থাপক।
অভিযোগ পাওয়ার পর বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। এ বিষয়ে পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান: কে বা কারা এই চিঠি পাঠিয়েছে, তা শনাক্ত করতে চিঠির ভাষা এবং কুরিয়ার সার্ভিসের বিবরণ খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, চিঠি দুটি সম্ভবত উত্তর চব্বিশ পরগনা জেলার বেলঘরিয়ার এক ব্যক্তি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়েছেন।
প্রেরকের ব্যবহৃত একটি সন্দেহভাজন মোবাইল নম্বর ও সিম কার্ডের অবস্থান এবং গতিবিধি নজরদারিতে রাখা হয়েছে। কুরিয়ার এজেন্সির কর্মীদের সঙ্গেও কথা বলেছেন তদন্তকারীরা।
বিসিসিআইয়ের সাবেক এই সভাপতির নামে প্রায় ছয় মাস ধরে এমন চিঠি আসলেও শুরুতে বিষয়টিকে তেমন গুরুত্ব দেওয়া হয়নি। তবে সর্বশেষ আসা দুটি চিঠিতে সরাসরি সৌরভ গাঙ্গুলী, তাঁর স্ত্রী ডোনা গাঙ্গুলী এবং তাঁদের স্বজন ও কাছের মানুষদের প্রাণনাশের হুমকি ও ক্ষতি করার বার্তা দেওয়া হয়।
সব কটি চিঠি একই ব্যক্তির পাঠানো কি না এবং এই হুমকির নেপথ্যে আসল কারণ বা উদ্দেশ্য কী, তা উদ্ঘাটনে জোরেশোরে কাজ করছে কলকাতা পুলিশের তদন্তকারী দল।
Comments