সরকারের ছয় মাসের অর্জন তুলে ধরবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা
বর্তমান সরকারের ছয় মাস বা ১৮০ দিন পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই জনগণের সামনে সরকারের অর্জন, সীমাবদ্ধতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন। এই লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি অত্যন্ত সূক্ষ্মভাবে মূল্যায়ন করা হচ্ছে।
মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
উপদেষ্টা জানান, ১৮০ দিনের মধ্যে কোন মন্ত্রণালয় কী ধরনের কার্যক্রম পরিচালনা করেছে, তার নিবিড় মূল্যায়ন চলছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপদেষ্টা ও বিশেষ সহকারীদের সমন্বয়ে গঠিত একটি বিশেষ কমিটির মাধ্যমে সবকিছু যাচাই-বাছাই করা হচ্ছে। তিনি নিজেও এই কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন বলে উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে সরকারের বিভিন্ন খাতের অগ্রগতির কথা তুলে ধরে ডা. জাহেদ উর রহমান বলেন, রেলপথ সম্প্রসারণে সরকার বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে। নির্বাচনী ইশতেহারে ঘোষিত আন্তঃনগর ও কমিউটার ট্রেন সেবা সম্প্রসারণের ক্ষেত্রে ইতিমধ্যে দৃশ্যমান অগ্রগতি অর্জিত হয়েছে। এরই অংশ হিসেবে সম্প্রতি ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে 'অভিযাত্রিক কমিউটার' নামের নতুন এক জোড়া ট্রেন চালু করা হয়েছে।
Comments