সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে এবার যা বললেন নীলা চৌধুরী
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় জুটি সালমান শাহ ও শাবনূরকে ঘিরে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা রয়েছে। বিশেষ করে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল কি না, তা নিয়ে বহু বছর ধরে ভক্ত ও চলচ্চিত্র অঙ্গনে কৌতূহল রয়েছে। এবার এ বিষয়ে নিজের অবস্থান জানিয়েছেন সালমান শাহর মা নীলা চৌধুরী।
সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা ডন গ্রেফতার হওয়ার পর সাম্প্রতিক বিভিন্ন আলোচনায় কথা বলতে গিয়ে ছেলের সঙ্গে শাবনূরের সম্পর্কের বিষয়টিও তুলে ধরেন নীলা চৌধুরী।
তিনি দাবি করেন, শাবনূরের সঙ্গে সালমান শাহর কোনো প্রেমের সম্পর্ক ছিল না। সালমান তাকে ছোট বোনের মতোই স্নেহ করতেন।
নীলা চৌধুরীর ভাষ্য, শাবনূর বিভিন্ন ক্ষেত্রে সালমানের ওপর নির্ভর করতেন এবং সালমানও তাকে সহযোগিতা করার চেষ্টা করতেন। সালমানের নিজের কোনো বোন না থাকায় শাবনূরের প্রতি তার আলাদা স্নেহ ছিল বলেও জানান তিনি।
তবে শাবনূরকে নিয়ে ভিন্ন একটি অভিযোগও করেছেন সালমানের মা। তার দাবি, শাবনূর মাঝে মাঝে সালমানের সঙ্গে নিজের বিশেষ সম্পর্ক রয়েছে এমন একটি ধারণা তৈরি করার চেষ্টা করতেন। পরবর্তীতে তাদের সম্পর্ক নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা ও গুঞ্জন ছড়িয়ে পড়ে।
অবশ্য শাবনূর বরাবরই সালমান শাহর সঙ্গে প্রেমের সম্পর্কের কথা অস্বীকার করেছেন। তার বক্তব্য অনুযায়ী, সালমানকে তিনি কখনো প্রেমিক হিসেবে দেখেননি; বরং ভাইয়ের মতোই সম্মান করতেন। তাদের বন্ধুত্বকে কেন্দ্র করে কিছু মানুষ ও গণমাধ্যম নানা মুখরোচক গল্প তৈরি করেছে বলেও জানিয়েছেন তিনি।
১৯৯৩ সালে 'কেয়ামত থেকে কেয়ামত' সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় সালমান শাহর। সিনেমাটিতে তার নায়িকা ছিলেন মৌসুমী। পরে 'তুমি আমার' সিনেমার মাধ্যমে শাবনূরের সঙ্গে তার জুটি গড়ে ওঠে।
মাত্র চার বছরের ক্যারিয়ারে সালমান শাহ অভিনয় করেন ২৭টি চলচ্চিত্রে। এর মধ্যে ১৪টি সিনেমায় তার নায়িকা ছিলেন শাবনূর। তাদের জুটি দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়।
'সুজন সখী', 'স্বপ্নের ঠিকানা', 'বিক্ষোভ', 'বিচার হবে', 'তোমাকে চাই' ও 'আনন্দ অশ্রু'সহ বেশ কয়েকটি সফল সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন তারা। এসব সিনেমার জনপ্রিয়তা এখনও বাংলা চলচ্চিত্রের দর্শকদের মধ্যে রয়েছে।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহর মৃত্যুর পরও তার ব্যক্তিজীবন, অভিনয় ক্যারিয়ার ও শাবনূরের সঙ্গে সম্পর্ক নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। দীর্ঘ সময় পর নীলা চৌধুরীর নতুন মন্তব্যের কারণে পুরোনো সেই আলোচনা আবারও সামনে এসেছে।
Comments