‘রঙিন সুরমা’য় আফজাল-মিমি
রঙের সঙ্গে মানুষের অনুভূতির সম্পর্ক দীর্ঘদিনের। আনন্দ, বিষাদ, ভালোবাসা কিংবা আশার মতো অনুভূতিগুলোরও যেন আলাদা আলাদা রূপ রয়েছে। আর সেই রঙের প্রতীকী ব্যবহারেই সত্য ও মিথ্যার দ্বন্দ্বকে সামনে আনা হয়েছে নতুন কনটেন্ট 'রঙিন সুরমা'য়।
রিয়াজুল হক ইমরানের পরিচালনায় নির্মিত সীমিত দৈর্ঘ্যের এই কনটেন্টের গল্প আবর্তিত হয়েছে মুন্তাসির ও শাহিদা নামের দুই বয়স্ক মানুষকে ঘিরে। তাদের জীবনের বাইরের দিকটা ধূসর হলেও ভেতরে রয়েছে নানা অনুভূতি ও অজানা গল্প। এই দুই চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন ও আফসানা মিমি।
কাজটি নিয়ে আফজাল হোসেন জানান, গল্পের মূল বিষয় দুই বয়স্ক মানুষ ও তাদের জীবনের একটি সংকট। বর্তমান সময়ে দর্শকদের আকর্ষণ করার মতো চটকদার গল্পের চাহিদা থাকলেও এর বাইরে শান্ত ও অনুভূতিনির্ভর গল্প নিয়ে কাজ করার ভাবনাটি তাকে আগ্রহী করেছে। দর্শকের আবেগও গল্পটির সঙ্গে যুক্ত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
'রঙিন সুরমা'র গল্প নিয়ে ইতিবাচক অভিজ্ঞতার কথা জানিয়েছেন আফসানা মিমিও। নির্মাতা রিয়াজুল হক ইমরান স্ক্রিপ্ট পাঠানোর পর গল্পের নামই প্রথমে তার নজর কাড়ে। স্ক্রিপ্ট পড়ার সময় গল্পটি তাকে আবেগাপ্লুত করেছিল বলেও জানান তিনি। দীর্ঘ অপেক্ষার পর কাজটি শেষ হওয়ায় এখন দর্শকের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছেন এই অভিনেত্রী।
আফজাল হোসেনের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়েও প্রশংসা করেন আফসানা মিমি। তার সঙ্গে কাজ করাকে সবসময় আনন্দের বলে উল্লেখ করে মিমি জানান, আফজাল হোসেন কাজের পরিবেশকে সহজ ও স্বাভাবিক করে তোলেন এবং সহকর্মীর সঙ্গে বন্ধুর মতো আচরণ করেন।
'রঙিন সুরমা' আগামী ১২ আগস্ট রাত ১২টায়, অর্থাৎ ১৩ আগস্ট থেকে দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য উন্মুক্ত হবে।
Comments