রোমে কারিগরি ত্রুটি: ৪০ ঘণ্টা পর ঢাকার উদ্দেশ্যে ছাড়ল বিমানের বিজি-৩০৬
কানাডার টরন্টো থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের 'বিজি-৩০৬'(BG306) ফ্লাইটটি কারিগরি ত্রুটির কারণে ইতালির রোম লিওনার্দো দা ভিঞ্চি–ফিউমিচিনো বিমানবন্দরে দীর্ঘ প্রায় ৪০ ঘণ্টা গ্রাউন্ডেড থাকার পর অবশেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। ঢাকা থেকে বিশেষ প্রকৌশলী দল ও প্রয়োজনীয় যন্ত্রাংশ রোমে পৌঁছে উড়োজাহাজটি মেরামত করার পর এটিকে চলাচলের উপযোগী (Serviceable) ঘোষণা করা হয়।
বিমানবন্দর ও বিমান সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৫টা ১৮ মিনিটে ২৫৯ জন যাত্রী নিয়ে টরন্টো থেকে ছেড়ে আসা বোয়িং উড়োজাহাজটি নিয়মিত জ্বালানি নেওয়ার (রিফুয়েলিং) জন্য শুক্রবার সকাল ৭টা ২০ মিনিটে রোমে অবতরণ করে। অবতরণের পর প্রকৌশলীদের প্রাথমিক পরিদর্শনেই জটিল প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়লে উড়োজাহাজটিকে 'এয়ারক্রাফট অন গ্রাউন্ড'(AOG) ঘোষণা করে যাত্রা স্থগিত করা হয়।
অবতরণের পর এয়ারকনডিশনার (এসি) জটিলতাসহ প্রায় ৭ ঘণ্টা যাত্রীদের উড়োজাহাজের ভেতরে বসে থাকতে হয়। পরবর্তীতে টার্মিনালে নামিয়ে আনা হলেও ভিসা জটিলতা ও অব্যবস্থাপনার কারণে বিমানবন্দরেই দীর্ঘ সময় অনিশ্চয়তায় দিন কাটাতে হয় যাত্রীদের। বিশেষ করে শিশু ও প্রবীণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। পরবর্তীতে বিমান কর্তৃপক্ষ ও ইতালীয় এয়ারপোর্ট পুলিশের যৌথ উদ্যোগে ভিসাসংক্রান্ত সমস্যার সমাধান করে যাত্রীদের হোটেলে অবস্থান ও খাবারের ব্যবস্থা করা হয়।
পরিস্থিতি সামাল দিতে শনিবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের BG305 ফ্লাইটে একটি অভিজ্ঞ প্রকৌশলী দল রোমে পৌঁছায়। রোম স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৬ মিনিটে (বাংলাদেশ সময় ২৩:১৬ BST) পৌঁছানোর পর প্রকৌশলীরা দ্রুততম সময়ে মেরামত কাজ সম্পন্ন করেন এবং উড়োজাহাজটিকে নিরাপদ ঘোষণা করেন।
রোমে নিযুক্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কান্ট্রি ম্যানেজার আব্দুল্লাহ আল হোসাইন জানান, প্রকৌশলীরা বিমান সচল করার পর যাবতীয় অপারেশনাল প্রক্রিয়া সম্পন্ন করে ফ্লাইটটি ছাড়ার অনুমতি দেওয়া হয়।
সকল প্রক্রিয়া শেষে BG306 ফ্লাইটটি রোম সময় রাত ২৩:০০ টায় (বাংলাদেশ সময় রাত ৩:০০ টা) ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। দীর্ঘ ভ্রমণক্লান্তি ও অনিশ্চয়তার পর উড্ডয়নের অনুমতি মেলায় যাত্রীদের মাঝে স্বস্তি ফিরে আসে। সব ঠিক থাকলে রোববার (০৯ আগস্ট) সকাল ১১:৩০ মিনিটে (BST) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটির অবতরণ করার কথা রয়েছে।
Comments