ইতালিতে বিজি-৩০৬ ফ্লাইট গ্রাউন্ডেড: টার্মিনালের মেঝেতেই রাত কাটালেন ১৭০ বাংলাদেশি
কানাডার টরন্টো থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩০৬ ফ্লাইটটি জটিল কারিগরি ত্রুটির কারণে ইতালির রোম বিমানবন্দরে গ্রাউন্ডেড করা হয়েছে।
বিমান কর্তৃপক্ষ শুরুতে ১ দিনের শর্ট-টার্ম ভিসায় হোটেলে স্থানান্তরের কথা বললেও, পরবর্তীতে ইতালীয় এয়ারপোর্ট কর্তৃপক্ষ বাংলাদেশি পাসপোর্টধারীদের ভিসা ইস্যু করতে অস্বীকৃতি জানায়। ফলে টার্মিনালের মেঝেতেই রাত কাটাতে বাধ্য হন ১৭০ জন বাংলাদেশি। তবে দ্বৈত নাগরিকত্ব ও অন্য দেশের পাসপোর্ট থাকায় ৮০ জন আমেরিকান ও কানাডিয়ান পাসপোর্টধারী যাত্রী হোটেলে যাওয়ার সুযোগ পান।
এর আগে কানাডার টরন্টো থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ কারিগরি ত্রুটির কারণে ইতালিতে জরুরিভিত্তিতে গ্রাউন্ডেড করা হয়। এতে প্রায় ২৫৯ জন যাত্রী নিয়ে দীর্ঘ ৭ ঘণ্টারও বেশি সময় ধরে উড়োজাহাজের ভেতরই বন্দি অবস্থায় চরম দুর্ভোগ পোহান ভুক্তভোগীরা। দীর্ঘ সময় বদ্ধ ও তীব্র গরম পরিবেশে অবস্থান করায় শিশু ও প্রবীণসহ অনেক যাত্রী অসুস্থ হয়ে পড়েন।
ঘটনার বিবরণে জানা যায়, বিজি-৩০৬ ফ্লাইটটি বৃহস্পতিবার (০৬ আগস্ট) স্থানীয় সময় বিকেল ৫টায় টরন্টো থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী রিফুয়েলিং বা জ্বালানি নেওয়ার জন্য শুক্রবার সকাল ৭টা ২০ মিনিটে ফ্লাইটটি ইতালির একটি বিমানবন্দরে অবতরণ করে। অবতরণের পরপরই উড়োজাহাজটিতে জটিল প্রযুক্তিগত ত্রুটি দেখা দেয় এবং প্রকৌশলীরা মেরামতের প্রয়োজনীয়তার কথা জানান।
উড়োজাহাজে থাকা যাত্রী শরিফুল ইসলাম টেলিফোনে জানান, "দীর্ঘ সময় ধরে ফ্লাইটটি ইতালিতে আটকে ছিল। তখন আমাদের বিমান থেকে নামতে বা বিমানবন্দরের টার্মিনালে ঢুকতে দেওয়া হয়নি। উড়োজাহাজের ভেতর এসি সঠিকভাবে কাজ না করায় চরম গরম ও অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে। এতে অনেক শিশু ও বয়স্ক যাত্রী অসুস্থ হয়ে পড়েন। "
পরিস্থিতি নিয়ন্ত্রণে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ সরকারের দ্রুত দৃশ্যমান হস্তক্ষেপ দাবি করেন ভুক্তভোগী যাত্রীরা।
তবে প্রযুক্তিগত ত্রুটির সুনির্দিষ্ট কারণ বা ফ্লাইটটি পুনরায় কখন ঢাকার উদ্দেশে রওনা হবে, সে বিষয়ে ইতালিতে অবস্থানরত কর্তৃপক্ষ বা বিমানের গ্রাউন্ড স্টাফদের পক্ষ থেকে স্পষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি।
Comments