কিসের হাসিনা, তার চেহারা কী দেখা গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশের মানুষ কখনো আওয়ামী লীগের রাজনীতি আর গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, "কিসের হাসিনা, তার চেহারা কী দেখা গেছে? মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়। তারা চেষ্টা করছে বাংলাদেশে কোনো অস্থিরতা সৃষ্টি করা যায় কি না। কিন্তু এ দেশের মানুষ কখনোই তাদের এসব রাজনীতি মেনে নেবে না।"
শুক্রবার (৭ আগস্ট) বেলা ১২টার দিকে ৫ শ' শয্যার কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) আবাসিক ফ্ল্যাট উন্নয়ন প্রকল্প-১-এর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। ওই অনুষ্ঠানে তিনি বলেন, দেশের সমুদ্রসম্পদ এবং সমুদ্রবন্দরগুলোকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে বিপুল পরিমাণ রাজস্ব আয় করা সম্ভব। বর্তমান সরকার 'ব্লু ইকোনমি' বা নীল অর্থনীতির সম্ভাবনাকে কাজে লাগাতে বিভিন্ন সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছে।
কক্সবাজারের পর্যটন সম্ভাবনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্যাসিবাদের আমলে যত্রতত্র বিভিন্ন এলাকাকে ইচ্ছেমতো ইসিএ (প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা) ঘোষণা করা হয়েছিল। পর্যটনের টেকসই বিকাশের স্বার্থে সঠিক জরিপ চালিয়ে এসব বিষয় পুর্নবিবেচনা করার নির্দেশনা দেওয়া হয়েছে। কেবল উঁচু ইমারত নির্মাণই পর্যটন নয় উল্লেখ করে তিনি বলেন, প্রকৃতিকে সংরক্ষণ করেই পর্যটনের উন্নয়ন করতে হবে এবং কক্সবাজার সমুদ্র সৈকতের সব এলাকাজুড়েই যেন এই নীতি বজায় থাকে তা নিশ্চিত করতে হবে। বিশ্ববাসীর কাছে কক্সবাজারের সৌন্দর্য তুলে ধরে ভ্রমণপিপাসুদের আকৃষ্ট করার ওপর তিনি জোর দেন।
কক্সবাজারকে কেন্দ্র করে উচ্চশিক্ষা ও সামুদ্রিক গবেষণার সুযোগ সম্প্রসারণের কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার এলাকায় একটি 'মেরিন ইউনিভার্সিটি' প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহণ করেছে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে সামুদ্রিক শিক্ষা, গবেষণা এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বিভিন্ন কর্মসূচিতে এ সময় আরও উপস্থিত ছিলেন উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য শাহাজাহান চৌধুরী, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামীম আরা স্বপ্না প্রমুখ।
Comments