শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়ে জুলাই শহীদদের অসম্মান করা হয়েছে: রিজভী
ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়ে ভারত জুলাই আন্দোলনের শহীদদের অবমূল্যায়ন ও অসম্মান করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, দেশের আইন অনুযায়ী সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে আইনি প্রক্রিয়ায় ফিরিয়ে না দিয়ে উল্টো তাকে রাজনীতির সুযোগ করে দেওয়া বাংলাদেশের জাতীয় সার্বভৌমত্বের পরিপন্থী ও চরম অপমান।
তিনি আরও অভিযোগ করেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে শেখ হাসিনাকে রাজনৈতিক কার্যক্রম চালানোর সুযোগ দেওয়ার পেছনে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। শেখ হাসিনার পালিয়ে যাওয়ার নির্দিষ্ট দিনে তাকে এই ধরনের বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার নেপথ্যে দিল্লির প্রত্যক্ষ ইন্ধন রয়েছে বলেও মন্তব্য করেন এই বিএনপি নেতা।
সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার একপর্যায়ে রিজভী জানান, বর্তমান সরকার দেশের গ্যাস সংকট, হাম, ডেঙ্গুসহ সকল ধরনের চ্যালেঞ্জ ও সংকট মোকাবিলায় অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে।
Comments