জাপানের ওসাকায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সেমিনার অনুষ্ঠিত
বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনীতি, উন্নত বিনিয়োগ পরিবেশ এবং জাপানি ব্যবসায়ীদের জন্য নতুন নতুন সম্ভাবনা তুলে ধরে জাপানের বাণিজ্য নগরী ওসাকায় "বাংলাদেশ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সেমিনার" অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ দূতাবাস, টোকিও এই সেমিনারটি আয়োজন করে।
সেমিনারে বাংলাদেশের প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, "বাংলাদেশ ও জাপানের সুদীর্ঘ ৫৪ বছরের সুদৃঢ় সম্পর্ক বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক সাফল্যের অন্যতম মূল নিয়ামক। বাংলাদেশ বর্তমানে 'ডেমোগ্রাফিক ডিভিডেন্ড' বা জনমিতিক লভ্যাংশের এক স্বর্ণযুগ পার করছে।
তিনি আরও যুক্ত করেন, "আমরা উভয় দেশের মধ্যে জ্ঞান, অভিজ্ঞতা ও প্রযুক্তিগত দক্ষতা বিনিময়ের একটি শক্তিশালী পরিবেশ গড়ে তুলতে চাই। জাপানের উন্নয়ন ও সমৃদ্ধির অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ২১ শতকে জাপানের একটি প্রধান অংশীদার হওয়াই আমাদের লক্ষ্য। বাংলাদেশ কেবল একটি দেশ নয়, বরং দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার (আসিয়ান) ৩ বিলিয়নেরও বেশি ভোক্তার বাজারে পৌঁছানোর একটি কৌশলগত সেতু (Bridge)।
স্বাগত বক্তব্যে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো: দাউদ আলী বলেন, বাংলাদেশ ও জাপানের মধ্যে দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে গভীর বন্ধুত্ব ও বিশ্বাসের সম্পর্ক বিদ্যমান। পূর্বে এটি কেবল উন্নয়ন সহযোগিতার মধ্যে সীমাবদ্ধ থাকলেও বর্তমানে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি এবং বেসরকারি খাতের যৌথ সহযোগিতার মাধ্যমে একটি নতুন কৌশলগত অংশীদারিত্বে রূপ নিয়েছে।
সেমিনারে সাইফার-কোর কোম্পানি লিমিটেড (CIPHER-CORE Co., Ltd.)-এর মি. ওদাচি বাংলাদেশে তার বিনিয়োগের অভিজ্ঞতা তুলে ধরে জাপানি বিনিয়োগকারীদেরকে বর্তমানে বাংলাদেশের ব্যবসাবান্ধব পরিবেশে বিনিয়োগ করার আহ্বান জানান।
জেট্রোর (JETRO) প্রতিনিধি মি. আন্দো, এবং ই-কর্পোরেশনের সিইও মি. মাহির গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন ও আলোচনা অন্তর্ভুক্ত ছিল। অনুষ্ঠানের সমাপনী বক্তব্য প্রদান করেন ওসাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধি মি. তানাকা।
Comments