শেখ হাসিনার বক্তব্য প্রচারে গণমাধ্যমকে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য কোনো গণমাধ্যম প্রচার করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (৪ আগস্ট) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। ডা. জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য কেবলই তার আস্ফালন, বাস্তবে তা বাস্তবায়নের কোনো সক্ষমতা তার নেই। এ সময় তিনি জানান, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও ভারতসহ সব বন্ধুভাবাপন্ন দেশের সঙ্গেই সরকার কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রেখেছে এবং এ নিয়ে কোনো ভূরাজনৈতিক জটিলতা নেই।
প্রেস ব্রিফিংয়ে দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে তথ্য উপদেষ্টা আরও বলেন, দেশে বর্তমানে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে এবং বাজারে টমেটো ও কাঁচামরিচের মতো নিত্যপণ্যের দামও শিগগিরই সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে চলে আসবে।
বিদ্যুৎ ও জ্বালানি খাত সম্পর্কে তিনি জানান, এলএনজি টার্মিনালে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার কারণে ঢাকার বাইরে কিছু এলাকায় সাময়িক বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। গ্যাস সরবরাহ কমে যাওয়ায় বিদ্যুতের ওপর চাপ বাড়লেও খুব দ্রুতই এই সংকট কেটে যাবে। এছাড়া কোনো গ্রাহক অতিরিক্ত বা অস্বাভাবিক বিদ্যুৎ বিল পেলে তাঁদের সংশ্লিষ্ট অভিযোগকেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।
Comments