আগামীকাল ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামীকাল বুধবার (৫ আগস্ট) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে 'জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর'। সকাল ৯টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাদুঘরটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের মন্ত্রীবর্গ, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। উদ্বোধনের প্রথম দিন জাদুঘরটি বিশেষভাবে যুদ্ধাহত পরিবারগুলোর জন্য উন্মুক্ত রাখা হবে। আর সাধারণ দর্শনার্থীরা আগামী ৬ আগস্ট থেকে অনলাইনে আবেদন সাপেক্ষে এটি পরিদর্শন করতে পারবেন।
২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান, শহীদদের আত্মত্যাগ এবং স্বৈরশাসনের নানা নিদর্শন সংরক্ষণ করে এই জাদুঘর গড়ে তোলা হয়েছে। এখানে আন্দোলনের দুর্লভ আলোকচিত্র, দলিল, শহীদ ও আহতদের ব্যবহৃত সামগ্রী, ব্যানার, প্ল্যাকার্ড এবং অভ্যুত্থান-সংশ্লিষ্ট বিভিন্ন স্মারক স্থান পেয়েছে। পাশাপাশি গত ১৭ বছরের রাজনৈতিক ও ঐতিহাসিক ঘটনাপ্রবাহের তথ্য-উপাত্তও এখানে সংরক্ষিত রয়েছে।
Comments