পঞ্চমবারের মতো সাফ সভাপতি সালাহউদ্দিন
বাংলাদেশের ফুটবল গ্রেট কাজী সালাহউদ্দিন টানা পঞ্চমবার সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভাপতি নির্বাচিত হলেন।
ভুটানের থিম্পুতে আয়োজিত সাফের কংগ্রেসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি। ২০০৯ সাল থেকে তিনি এ পদে আছেন। ২০২৪ সালে সরকার পরিবর্তনের পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ১৬ বছরের দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি ঘটে সালাহউদ্দিনের। তবে সাফে ঠিকই নিজের জায়গা ধরে রেখেছেন দাপটে। সাফের গঠনতন্ত্র সংশোধন করায় সুবিধা পেয়েছেন তিনি। বয়সসীমা (৭০ বছর) ও সর্বোচ্চ দুই মেয়াদের বাধ্যবাধকতা তুলে নেয়ার পরই সালাহউদ্দিনের পুনর্নির্বাচনের পথ পরিষ্কার হয়ে যায়। দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির কারণে বাফুফের বর্তমান কমিটি তাকে সমর্থন দেয়ার পক্ষে ছিল না। তবে সালাহউদ্দিন বাফুফের সমর্থনের অপেক্ষায় না থেকে নেপাল ও ভুটান ফুটবল ফেডারেশনের প্রস্তাব ও সমর্থনে নিজ প্রার্থিতা নিশ্চিত করেন।
একক প্রার্থী হওয়ায় আগেই তার জয় নিশ্চিত ছিল, শনিবার থিম্পুতে সেটি স্রেফ আনুষ্ঠানিকতা পেল। এ কংগ্রেসেই সাফের নতুন নির্বাহী সদস্য করা হয়েছে বাফুফের বর্তমান সহসভাপতি সাব্বির আহমেদ আরেফকে।
Comments