তাপপ্রবাহের পর লঘুচাপ, আগস্টে বন্যা নিয়ে সতর্কতা
দেশে গড়ে সবচেয়ে বেশি বৃষ্টি হয় জুলাই মাসে। সদ্য বিদায়ী জুলাই মাসে সেই বৃষ্টির পরিমাণ ছিল স্বাভাবিকের তুলনায় প্রায় ৩৫ দশমিক ৬ শতাংশ বেশি। সক্রিয় মৌসুমি বায়ু, বঙ্গোপসাগরে একের পর এক লঘুচাপ ও নিম্নচাপের প্রভাবে প্রায় পুরো মাসজুড়েই দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহও বয়ে গেছে।
আগস্ট মাসেও আবহাওয়া খুব একটা স্থিতিশীল থাকবে না বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও বঙ্গোপসাগরে এক থেকে দুটি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কয়েকটি এলাকায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। কোথাও কোথাও মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহও বয়ে যেতে পারে।
গতকাল রোববার ঢাকার আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রে দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাস প্রণয়নের জন্য গঠিত বিশেষজ্ঞ কমিটির নিয়মিত সভায় জুলাই মাসের আবহাওয়ার পর্যালোচনা এবং আগস্ট মাসের পূর্বাভাস প্রকাশ করা হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান ও আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম।
বিশেষজ্ঞ কমিটির পূর্বাভাস অনুযায়ী, আগস্ট মাসে দেশে সামগ্রিকভাবে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। সভায় আগস্ট মাসের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকায় ২৮০ থেকে ৩২০ মিলিমিটার, ময়মনসিংহে ৩৪০ থেকে ৩৮০ মিলিমিটার, চট্টগ্রামে ৪৮০ থেকে ৫২০ মিলিমিটার, সিলেটে ৪৫০ থেকে ৪৯০ মিলিমিটার, রাজশাহীতে ২৪০ থেকে ২৬০ মিলিমিটার, রংপুরে ৩৫০ থেকে ৩৯০ মিলিমিটার, খুলনায় ২৬০ থেকে ৩০০ মিলিমিটার এবং বরিশালে ৩৮০ থেকে ৪২০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে।
আগস্টে পাঁচ থেকে ছয় দিন বজ্রঝড় হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে এক থেকে দুটি মৃদু (৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস) অথবা মাঝারি (৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগস্টে দেশের প্রধান নদনদীর পানির স্তর সামগ্রিকভাবে বাড়তে পারে। মৌসুমি ভারী বৃষ্টির কারণে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের কয়েকটি এলাকায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
কৃষি আবহাওয়া নিয়ে বিশেষজ্ঞ কমিটি জানিয়েছে, আগস্ট মাসে দৈনিক গড় বাষ্পীভবন ২ দশমিক ৫ থেকে ৪ দশমিক ৫ মিলিমিটার এবং গড় উজ্জ্বল সূর্যকিরণের সময় ২ দশমিক ৫ থেকে ৪ দশমিক ৫ ঘণ্টা থাকতে পারে। এই আবহাওয়া আমন ধানসহ চলমান কৃষিকাজের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভায় উপস্থাপিত তথ্য অনুযায়ী, জুলাই মাসে দেশে গড়ে ৬৬৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। স্বাভাবিক গড় বৃষ্টিপাত ৪৯১ মিলিমিটারের তুলনায় এটি প্রায় ৩৫ দশমিক ৬ শতাংশ বেশি। ময়মনসিংহ বিভাগে বৃষ্টিপাত প্রায় স্বাভাবিক থাকলেও দেশের অন্য সব বিভাগেই স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। সবচেয়ে বেশি বিচ্যুতি দেখা গেছে খুলনা বিভাগে, যেখানে স্বাভাবিকের তুলনায় ৫৩ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। চট্টগ্রামে এক হাজার ৪৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা স্বাভাবিকের তুলনায় ৫১ শতাংশ বেশি। সিলেটে ৩৭ দশমিক ৩ শতাংশ, ঢাকায় ৩৩ দশমিক ৪ শতাংশ, রাজশাহীতে ১৩ দশমিক ৬ শতাংশ এবং বরিশালে ১২ দশমিক ৬ শতাংশ বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অধিকাংশ বিভাগেই বৃষ্টির দিনের সংখ্যাও স্বাভাবিকের চেয়ে বেশি ছিল।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জুলাই মাসে বঙ্গোপসাগরে তিনটি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হয়েছিল। প্রথমটি ২ জুলাই উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্টি হয়ে ৫ জুলাই নিম্নচাপে পরিণত হয় এবং ৬ জুলাই উত্তর উড়িষ্যা উপকূল অতিক্রম করে দুর্বল হয়ে যায়। দ্বিতীয় লঘুচাপটি ১৫ জুলাই সৃষ্টি হলেও নিম্নচাপে রূপ নেয়নি। ১৭ জুলাই এটি দুর্বল হয়ে পড়ে। তৃতীয় লঘুচাপটি ২৫ জুলাই সৃষ্টি হয়ে ২৬ জুলাই নিম্নচাপ এবং ২৭ জুলাই গভীর নিম্নচাপে পরিণত হয়। পরে এটি পশ্চিমবঙ্গ-উড়িষ্যা উপকূল অতিক্রম করে ক্রমান্বয়ে দুর্বল হয়ে গুরুত্ব হারায়। এই তিনটি আবহাওয়াজনিত ব্যবস্থার প্রভাবে জুলাই মাসজুড়ে দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, বজ্রপাত এবং দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যায়। ৮ জুলাই চট্টগ্রামের আমবাগানে এক দিনে সর্বোচ্চ ৩২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
জুলাই মাসের শুরুতে ৩ ও ৪ জুলাই দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ বয়ে যায়। মাসের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা ৪ জুলাই রংপুরে রেকর্ড করা হয়। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস, যা ২১ ও ২২ জুলাই সিলেটে রেকর্ড করা হয়।
এদিকে আগস্ট থেকে অক্টোবর সময়কালের তিন মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসেও আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ সময়ে দেশে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হতে পারে।
Comments