ইরানের বিরুদ্ধে নয়, হুতি মোকাবিলায় জোটে বাংলাদেশ
হুতি বিদ্রোহীদের প্রতিরোধে গঠিত সৌদি নেতৃত্বাধীন প্রতিরক্ষা জোটে অংশগ্রহণ নিয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেছেন, এই জোটে যোগ দেয়ার অর্থ এই নয় যে বাংলাদেশ ইরানকে আক্রমণ করতে যাচ্ছে।
রোববার (২ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, বাংলাদেশ সৌদি আরবের নেতৃত্বে প্রতিরক্ষা জোটে যোগ দিয়েছে। এর কারণ হলো— হুতিদের চ্যালেঞ্জ মোকাবিলা করা। অন্যদিকে আমরা ইরানের সাথেও কথাবার্তা বলছি, তাই এটিকে কোনোভাবেই ইরানকে বাদ দেওয়া বা আঘাত করার কিছু হিসেবে দেখার কারণ নেই।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, মূল বিষয়টা হলো সৌদির সঙ্গে আমাদের একটি বিশেষ সম্পর্ক রয়েছে। ঢাকা ও রিয়াদের সম্পর্ক হবে একটি কৌশলগত সম্পর্ক। এটি অত্যন্ত শক্তিশালী একটি সম্পর্ক হবে।
তিনি আরও বলেন, নৈতিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ মুসলিম দেশ হিসেবে সবসময় সৌদি আরবকে সহায়তার জন্য সাড়া দেবে।
প্রধানমন্ত্রীর চীন সফরের পর মার্কিন উচ্চপর্যায়ের প্রতিনিধির ঢাকা সফর বাংলাদেশের ভারসাম্যের কূটনীতির ধারাবাহিকতা হিসেবেও দেখছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, দুবাইয়ে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের মুক্তির বিষয়ে তিনি এখনো পুরোপুরি অবগত নন। বেনজীরকে ফিরিয়ে আনার ব্যাপারে আমরা তো প্রক্রিয়া শুরু করছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করেছে। আলাপ-আলোচনা চলছে।
Comments