আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু, অগ্রাধিকার পাবে বোয়েসেল: মাহদী আমিন
আগামী আগস্ট মাসের শেষ সপ্তাহে বাংলাদেশ থেকে পুনরায় মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। এক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠান 'বোয়েসেল'-কে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
বৃহস্পতিবার (৩০ জুলাই) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই তথ্য জানান। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীও উপস্থিত ছিলেন।
মাহদী আমিন বলেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে মালয়েশিয়ার নির্দিষ্ট কিছু মানদণ্ড বা ক্রাইটেরিয়ার ভিত্তিতে ৪২৩টি বাংলাদেশি রিক্রুটিং এজেন্সির একটি তালিকা পাঠানো হয়েছিল। অতীতের সমঝোতা স্মারকের (এমওইউ) ভিত্তিতে মালয়েশিয়া সরকারের কাছে অনুরোধ করা হয়েছে, যাতে সর্বোচ্চ সংখ্যক এজেন্সি কর্মী পাঠানোর সুযোগ পায়।
আওয়ামী লীগ সরকারের আমলের সিন্ডিকেটের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সে সময় মাত্র ১০০টি এজেন্সি কর্মী পাঠানোর সুযোগ পেয়েছিল, যা পরবর্তীতে সিন্ডিকেট হিসেবে পরিচিতি লাভ করে। সেই সময় কর্মী পাঠানোর প্রক্রিয়ায় নানা অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পাওয়ায় সম্প্রতি ৪৯টি এজেন্সির লাইসেন্স স্থগিত করেছে বর্তমান সরকার।
উপদেষ্টা আরও বলেন, 'বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করা এবং কর্মী পাঠানোর প্রক্রিয়া দ্রুত শেষ করতে দুই দেশের উচ্চপর্যায়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। শ্রমবাজারকে সিন্ডিকেটমুক্ত ও সম্পূর্ণ স্বচ্ছ রাখতে সরকার বদ্ধপরিকর। সাধারণ কর্মীরা যাতে সর্বনিম্ন খরচে ও নিরাপদে মালয়েশিয়ায় যেতে পারেন, সেই প্রচেষ্টা অব্যাহত রয়েছে।'
মাহদী আমিন জানান, দুই দেশের মধ্যে বর্তমানে যে এমওইউ বা সমঝোতা স্মারক রয়েছে, তার মেয়াদ শেষ হবে চলতি বছরের ডিসেম্বরে। এই চুক্তির আওতায় বাংলাদেশ থেকে পাঠানো তালিকার ওপর ভিত্তি করে মালয়েশিয়া তাদের নিজস্ব যাচাই-বাছাই ও কাঠামোগত নিয়মে রিক্রুটিং এজেন্সির চূড়ান্ত তালিকা প্রস্তুত করবে।
তিনি আরও বলেন, 'যেহেতু বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ কর্মসংস্থানের জন্য মালয়েশিয়ায় যান, তাই আমরা অনুরোধ করেছি যেন সর্বোচ্চ সংখ্যক এজেন্সিকে কর্মী পাঠানোর সুযোগ দেওয়া হয়।'
Comments