শেখ হাসিনাকে কপি করবেন না, বিএনপিকে হুশিয়ারি নাহিদের
বক্তব্য প্রকাশে বাধা দেওয়া, দমন-পীড়ন ও নিরাপত্তার অজুহাতে পরিবেশ ভীতিময় করার নীতি ত্যাগ করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, "কথা বলতে গেলে আক্রমণ করা বা বাধা দেওয়া—এগুলো বিগত আমলের পুরোনো কৌশল। শেখ হাসিনাকে কপি করবেন না; কারণ শেখ হাসিনাকে কীভাবে উৎখাত করা হয়েছে, তা এ দেশের ছোট বাচ্চারাও জানে।"
বৃহস্পতিবার (৩০ জুলাই) সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) মিনি অডিটোরিয়ামে 'অগ্নিঝরা জুলাই ও আগামীর বাংলাদেশ' শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে জাতীয় ছাত্রশক্তির শাবিপ্রবি শাখা।
হবিগঞ্জে তাদের সমাবেশে হামলার ঘটনার প্রসঙ্গে টেনে নাহিদ বলেন, বিগত সরকারের আমলে যেভাবে 'আপত্তিজনক' বা 'উসকানিমূলক' শব্দ ব্যবহারের তকমা দিয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে বিরোধী মত দমন করা হতো, এখনও একই ধারা বজায় রাখার চেষ্টা চলছে।
তিনি স্পষ্ট করে বলেন, "রাজনীতি ও গণতন্ত্রের মূল সৌন্দর্য হলো কথার জবাব কথায় দেওয়া। কোনো রাজনৈতিক নেতার বক্তব্য প্রচলিত আইনের পরিপন্থী হলে আইন তার ব্যবস্থা নেবে। বিচার করার দায়িত্ব কোনো ছাত্রসংগঠন, ক্ষমতাসীন দল বা সন্ত্রাসী বাহিনীর নয়।"
ক্যাম্পাসে বিজিবি ও পুলিশের অতিরিক্ত উপস্থিতি প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, নিরাপত্তা নিশ্চিত করার নামে এক ধরনের 'সেন্সরশিপ' ও ভয়ের সংস্কৃতি তৈরি করা হচ্ছে। প্রশাসনকে এসব কড়া নির্দেশিকা বন্ধের অনুরোধ জানিয়ে তিনি বলেন, "যারা সন্ত্রাস করে তাদের বিচারে আনলেই পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত হয়ে যায়।"
গণ-অভ্যুত্থান-পরবর্তী দুটি মূল লক্ষ্য উল্লেখ করে এনসিপি আহ্বায়ক বলেন:অতীত ফ্যাসিস্ট শক্তিকে শাস্তি দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। ভবিষ্যতে যাতে কোনো রাজনৈতিক শক্তি এই কাঠামোর সুবিধা নিয়ে নতুন স্বৈরাচার বা 'নব্য ফ্যাসিস্ট' হয়ে উঠতে না পারে, তা নিশ্চিত করা।
তিনি দৃঢ়তার সাথে বলেন, "জুলাইয়ের শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করে পুরোনো ফ্যাসিস্ট ও সাম্রাজ্যবাদী শক্তিকে আর বাংলাদেশে ফিরতে দেওয়া হবে না।"
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী শাবিপ্রবি কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিত হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি অভিযোগ করে বলেন, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর শেষ মুহূর্তে অগণতান্ত্রিকভাবে নির্বাচন আটকে দেওয়া হয়েছে। দেশের অন্য স্থানে যা-ই হোক, শাবিপ্রবিতে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের দাবি জানান তিনি।
জাতীয় ছাত্রশক্তির বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক রাশিদ আবরারের সভাপতিত্বে এবং সদস্যসচিব রিয়াজ হোসেনের সঞ্চালনায় সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিনিধি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
Comments