সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা, ভাঙচুর
সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সভা শেষে বের হওয়ার সময় দলটির গাড়িবহরে হামলা চালিয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। 'ভুয়া ভুয়া' স্লোগান দিয়ে এই হামলা চালানো হয়, যাতে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে বহনকারী গাড়ির পেছনের গ্লাস ভেঙে যায়। এছাড়া হামলায় আরেকটি অটোরিকশাও ভাঙচুর করা হয়। এ ঘটনার জন্য স্থানীয় এনসিপি নেতারা সরাসরি বিএনপিকে দায়ী করেছেন।
হবিগঞ্জে বাধার মুখে পড়ার পর সিলেট জেলায় এনসিপির 'জুলাই পদযাত্রা' কর্মসূচি পালন নিয়ে শুরুতেই শঙ্কা তৈরি হয়েছিল। সেই শঙ্কা মাথায় রেখেই বৃহস্পতিবার দুপুরে জেলার প্রথম কর্মসূচি হিসেবে গোলাপগঞ্জে আন্দোলনে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন দলের কেন্দ্রীয় নেতারা।
পৌরসভার সম্মেলন কক্ষে শান্তিপূর্ণ সভা ও নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনার পর বেলা পৌনে তিনটার দিকে পদযাত্রার গাড়িবহর বের হয়। এ সময় সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জ শহরের ডাচ-বাংলা ব্যাংকের সামনে একদল লোক 'ভুয়া ভুয়া' স্লোগান দিয়ে ইটপাটকেল ও পেপসির বোতল নিক্ষেপ করে হামলা চালায়। আক্রমণের মুখে কেন্দ্রীয় নেতারা দ্রুত গাড়ি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন এবং স্থানীয় নেতাকর্মীরাও পালিয়ে যান।
Comments