প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য ত্রিপুরার মুখ্যমন্ত্রীর আনারস উপহার
ভারতের ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য উপহার হিসেবে পাঠানো হয়েছে বিখ্যাত 'কিউ' জাতের সুস্বাদু আনারস।
বুধবার (২৯ জুলাই ২০২৬) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশ চেকপোস্ট দিয়ে ১০০ কার্টনে মোট ৬২০টি আনারস বাংলাদেশে এসে পৌঁছায়। এগুলোর মোট ওজন প্রায় ৭৪৮ কেজি।
ইমিগ্রেশন চেকপোস্ট সূত্রে জানা যায়, দুপুরে একটি পিকআপ ভ্যানে করে এই উপহারসামগ্রী সীমান্তে আনা হয়। ত্রিপুরার হর্টিকালচারের সহকারী পরিচালক প্রণী ভূষণ জমার্দিয়ার কাছ থেকে আনারসগুলো গ্রহণ করেন চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের কর্মকর্তারা।
আখাউড়া স্থলবন্দরের শূন্যরেখায় উপহার গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনের সহকারী কনসুলার কর্মকর্তা পঙ্কজ জ্যোতি দাস ও কর্মকর্তা সজীব চক্রবর্তী।
আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ মো. আলাউদ্দিন ও কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. জসিম উদ্দিন।
ত্রিপুরা সরকারের পক্ষে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায়, পরিচালক প্রণী ভূষণ জমার্দিয়া, উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ অধিদপ্তরের উপদেষ্টা রাজিব ঘোষ, বিভিন্ন স্থলবন্দরের ব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ নন্দীবাবু এবং বিএসএফ ইনচার্জ শচীন কুমার।
এ সময় দুই দেশের প্রতিনিধিরা জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ত্রিপুরার কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায় বলেন, 'বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমাদের আম উপহার দেওয়া হয়েছিল। তারই প্রতিদান হিসেবে আমাদের রাজ্যের পক্ষ থেকে এই আনারস উপহার পাঠানো হলো।'
Comments