দুদকের মামলায় সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীর ৩ বছরের কারাদণ্ড
সম্পদের হিসাব জমা না দেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরীকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে ঢাকার বিশেষ জজ আদালত-২ এর বিচারক আয়েশা নাসরিন এই রায় ঘোষণা করেন। দুদকের আইনজীবী এস এম আবুল কালাম আজাদ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণ অনুযায়ী, এস কে সুর চৌধুরীর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ ওঠার পর তাঁর ও তাঁর ওপর নির্ভরশীল ব্যক্তিবর্গের যাবতীয় সম্পদ ও আয়ের উৎস বিবরণী ২১ কার্যদিবসের মধ্যে দাখিলের নির্দেশ দিয়ে দুদক নোটিশ পাঠিয়েছিল। তবে নির্ধারিত সময়সীমা পার হলেও তিনি হিসাব দাখিল করেননি। এই অভিযোগে ২০২৪ সালের ২৩ ডিসেম্বর দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন বাদী হয়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় মামলা করেন। পরবর্তীতে ২০২৫ সালের ৪ আগস্ট চার্জশিট দাখিল করা হয় এবং একই বছরের ৬ নভেম্বর অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। মামলায় ৭ জন সাক্ষীর সবাই সাক্ষ্য প্রদান করেন। উল্লেখ্য, ২০২৫ সালের ১৪ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচা থেকে তাঁকে গ্রেপ্তার করে দুদক, এবং তখন থেকেই তিনি কারাগারে আটক রয়েছেন।
Comments