একরামুল হত্যা মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে
২০১৮ সালে টেকনাফে তৎকালীন পৌর কাউন্সিলর একরামুল হক হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। সোমবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য নিশ্চিত করেছে এবং জানিয়েছে যে, আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
গত রবিবার (২৬ জুলাই) কক্সবাজারের টেকনাফের এই আলোচিত হত্যা ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করে রাষ্ট্রপক্ষ। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ জনকে এই মামলার আসামি করা হয়েছে, যাঁদের মধ্যে ঘটনার সময় র্যাব-৭ (চট্টগ্রাম) এর অধিনায়কের দায়িত্বে থাকা মিফতাহ উদ্দিন আহমেদও রয়েছেন। ট্রাইব্যুনালে অভিযোগ দাখিলের ঠিক এক দিন পরই তাঁকে হেফাজতে নিল সেনাবাহিনী।
উল্লেখ্য, ২০১৮ সালের ২৬ মে রাতে টেকনাফে কথিত 'বন্দুকযুদ্ধে' নিহত হন তৎকালীন উপজেলা যুবলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর একরামুল হক। এর আগে ২০২১ সালে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত প্রবেশ নিষিদ্ধ কর্মকর্তার তালিকায় সাবেক আইজিপি বেনজীর আহমেদের সঙ্গে মিফতাহ উদ্দিন আহমেদের নামও ছিল। তিনি সর্বশেষ বরিশাল সেনানিবাসের স্টেশন কমান্ডার হিসেবে কর্মরত ছিলেন।
Comments