আগামীকাল ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ নির্বাচন কমিশনাররা ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন। আগামীকাল মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টায় ডেপুটি স্পিকারের দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এই তথ্য জানা গেছে।
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে গত রোববার সিইসির কার্যালয়ে নির্বাচন কমিশনার ও জ্যেষ্ঠ সচিবদের এক বৈঠকে আইনি বিষয়াদি পর্যালোচনা করা হয়। এরই ধারাবাহিকতায় পরবর্তী কার্যক্রম চূড়ান্ত করতে এই বৈঠক ডাকা হয়েছে।
নিয়ম অনুযায়ী সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। এজন্য সংসদ সচিবালয় থেকে সংসদ সদস্যদের নাম ও ভোটার তালিকা ইসি সচিবালয়ে পাঠানো হবে, যার ভিত্তিতে ইসি চূড়ান্ত ভোটার তালিকা তৈরি করে তফসিল ঘোষণা করবে। এই প্রক্রিয়া নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বিস্তারিত আলোচনা হবে।
গত শুক্রবার বিকেলে মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করার পর সংবিধানের বিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। বর্তমানে স্পিকারের অনুপস্থিতিতে ডেপুটি স্পিকার কায়সার কামাল ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্ব পালন করছেন। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে।
Comments