আকাশপথে ঢাকা-নারিতা ফের এক হলো
জাপানে যাতায়াতকারী প্রবাসী বাংলাদেশীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে চালু হলো ঢাকা-টোকিও সরাসরি বিমান যোগাযোগ। এখন থেকে কোনো ট্রানজিট ছাড়াই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে সরাসরি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে যাতায়াত করা যাবে। এতে কেবল ভ্রমণের সময় ও ভোগান্তিই কমবে না, দুই দেশের ব্যবসা-বাণিজ্য ও পর্যটনেও খুলে যাবে নতুন সম্ভাবনার দ্বার।
বাংলাদেশ ও জাপানের আকাশপথে তৈরি হলো নতুন সংযোগ। ঢাকা থেকে জাপানের নারিতা রুটে সপ্তাহে নিয়মিত চলাচল করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আধুনিক বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার। প্রায় সাত ঘণ্টার এই রুট যাত্রীদের সময় ও শ্রম দুটিই সাশ্রয় করছে। যদিও গত বছর আর্থিক ক্ষতি দেখিয়ে ঢাকা নারিতা বিমান চলা বন্ধ করে দেওয়া হয়েছিল।
সময়সূচি অনুযায়ী, ঢাকা থেকে প্রথম ফ্লাইট BG-376 রাত ০২:২৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যায় এবং জাপানের স্থানীয় সময় দুপুর ১২:১৫ মিনিটে টোকিওর নারিতাতে অবতরণ করে। ফ্লাইটটির মোট সময় লাগে ৬ ঘণ্টা ৫০ মিনিট।
অন্যদিকে, জাপানের নারিতা বিমানবন্দর থেকে ফিরতি ফ্লাইট BG-377 জাপানের স্থানীয় সময় দুপুর ০২:০০ টায় (১৪:০০) ঢাকার উদ্দেশ্যে রওনা হয় এবং বাংলাদেশ সময় সন্ধ্যা ০৬:০০ টায় (১৮:০০) ঢাকায় এসে ল্যান্ড করে।
এর আগে আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে উত্তর দেন।
Comments