কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরি ও গবেষণায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: মাহ্দী আমিন
কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টি, পণ্য বৈচিত্র্য আনয়ন এবং গবেষণা ও উদ্ভাবনকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। তিনি বলেছেন, শিক্ষার্থীরা যাতে তাদের মেধা, যোগ্যতা ও আগ্রহ অনুযায়ী এগিয়ে যেতে পারেন, সরকার সেই অনুকূল পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর।
রোববার (২৬ জুলাই) সকালে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) নবাগত ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন উপলক্ষে আয়োজিত 'কৃষিই কৃষ্টি-কৃষিই সমৃদ্ধি' শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি জানান, গবেষণায় নিজেদের নিবেদিত করতে চাওয়া শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় অবকাঠামো, উপকরণ ও আর্থিক সহায়তা দেওয়া হবে। পাশাপাশি কৃষি বা অন্য কোনো খাতে উদ্যোক্তা হতে ইচ্ছুকদের প্রশাসনিক ও আর্থিক সহযোগিতা দেবে সরকার। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার মাত্র এক সপ্তাহের মধ্যে দেশের সব কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ কৃষিঋণ মওকুফ এবং দেশজুড়ে 'কৃষক কার্ড' চালুর মাধ্যমে সহজ ও সুলভ শর্তে ঋণ এবং সার-বীজ পৌঁছানোর উদ্যোগ তুলে ধরেন তিনি।
কৃষিপণ্যের অপচয় রোধ ও সঠিক মূল্য নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও আধুনিক বাজারজাতকরণের ওপর বিশেষ জোর দেন মাহ্দী আমিন। আম থেকে জুস বা টমেটো থেকে সসের মতো প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে রপ্তানিমুখী কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার তাগিদ দেন তিনি।
জুলাই গণঅভ্যুত্থানে শেকৃবি শিক্ষার্থীদের সাহসিকতার কথা স্মরণ করে তিনি বলেন, সরকার এমন একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চায় যেখানে মেধার যথাযথ মূল্যায়ন হবে এবং তারুণ্যের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।
শেকৃবির শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের প্রশংসা করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা আশা প্রকাশ করেন যে, বর্তমান শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণালব্ধ সাফল্য দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে।
Comments