প্রতিটি বিদ্যালয়কে শতভাগ কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার: ববি হাজ্জাজ
দেশের প্রতিটি বিদ্যালয়কে শতভাগ কার্যকর শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তর করা বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, অবকাঠামো উন্নয়নের চেয়েও শিক্ষার্থীরা বিদ্যালয়ে এসে বাস্তবে কতটুকু শিখছে, সেটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
রোববার (২৬ জুলাই) সিলেট পিটিআইয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত 'বাংলাদেশের প্রাথমিক শিক্ষার শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহিতা ও স্থানীয় প্রশাসনের প্রতি পরিবর্তিত প্রত্যাশা' শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরকারের প্রধান লক্ষ্য প্রতিটি প্রাথমিক বিদ্যালয়কে একটি শতভাগ কার্যকর ও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত করা। অবকাঠামো বা প্রকল্প বাস্তবায়নের চেয়ে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে সত্যিকার অর্থে কী শিখছে, তার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন প্রতিমন্ত্রী। বিদ্যালয় কেন অকার্যকর—তা শিক্ষক সংকট, অবকাঠামোগত সমস্যা বা অন্য কোনো কারণে হোক না কেন, মাঠপর্যায় থেকে প্রকৃত তথ্য সংগ্রহ করে দ্রুত সমস্যা সমাধানের তাগিদ দেওয়া হয়।
শুধু প্রশাসনিক তদারকি না করে বিদ্যালয় পরিদর্শনের সময় সরাসরি শ্রেণিকক্ষে 'লার্নিং অডিট' পরিচালনার মাধ্যমে শিক্ষার্থীদের শেখার অগ্রগতি মূল্যায়নের ওপর জোর দেওয়া হয়। আগামী বছরের মধ্যে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতাকর্মী ও নৈশপ্রহরী নিয়োগের পরিকল্পনার কথা জানান প্রতিমন্ত্রী।
কর্মশালায় প্রায় ছয় ঘণ্টাব্যাপী তিনটি প্রশিক্ষণ সেশন পরিচালনা করে মাঠপর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের প্রাথমিক শিক্ষার ভবিষ্যৎ রূপকল্প, প্রশাসনিক সংস্কার ও মনিটরিং বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন ববি হাজ্জাজ। এছাড়া প্রাথমিক শিক্ষার মান বাড়াতে প্রশাসনিক কর্মকর্তাদের সুযোগ-সুবিধা বৃদ্ধির পাশাপাশি তাদের কর্মদক্ষতা ও জবাবদিহিতা কঠোরভাবে মূল্যায়নের কথা জানান তিনি।
Comments