রিয়ালে অনিশ্চিত এন্দ্রিকের ভবিষ্যৎ
রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর প্রত্যাশা অনুযায়ী ম্যাচ খেলার সুযোগ পাননি এন্দ্রিক। ম্যাচের পর ম্যাচ বেঞ্চে বসে কাটানোর পর গত জানুয়ারিতে নিজের উন্নতির জন্য ধারে ফরাসি ক্লাব অলিম্পিক লিওঁতে যোগ দেন ব্রাজিলিয়ান এই তরুণ ফরোয়ার্ড। সেই সিদ্ধান্ত যে তার ক্যারিয়ারের জন্য ইতিবাচক ছিল, সেটি মাঠের পারফরম্যান্সেই প্রমাণ করেছেন তিনি।
লিওঁর জার্সিতে নিয়মিত খেলার সুযোগ পেয়ে দারুণ ছন্দে ছিলেন এন্দ্রিক। সব প্রতিযোগিতা মিলিয়ে ২১ ম্যাচে ১৬টি গোলে অবদান রেখে নিজের আত্মবিশ্বাসও ফিরে পান তিনি। ফলে নতুন মৌসুমে রিয়াল মাদ্রিদে ফিরে প্রথম দলে জায়গার জন্য লড়াই করবেন এমনটাই ধারণা করা হচ্ছিল। তবে সেই পথ এখন আর পুরোপুরি পরিষ্কার নয়।
ইএসপিএনের সাংবাদিক রোদ্রার তথ্য অনুযায়ী, এন্দ্রিককে আবারও ধারে পাঠানোর সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দিচ্ছে না রিয়াল। ক্লাবটি এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাইছে না। প্রতিবেদন অনুযায়ী, নতুন প্রধান কোচ হোসে মরিনিয়ো প্রাক-মৌসুমে এন্দ্রিককে কাছ থেকে পর্যবেক্ষণ করতে চান। একই সঙ্গে মূল্যায়ন করা হবে আরেক তরুণ ফরোয়ার্ড গনসালো গার্সিয়াকেও। এরপরই ঠিক হবে নতুন মৌসুমে দুজনের ভবিষ্যৎ।
রিয়াল যদি গ্রীষ্মকালীন দলবদলে আক্রমণভাগে আরও একজন তারকা ফুটবলারকে দলে ভেড়ায়, তাহলে এন্দ্রিক কিংবা গনসালো গার্সিয়ার মধ্যে একজনকে ধারে পাঠানোর সম্ভাবনাই বেশি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ছুটি শেষে আগামী ২৮ জুলাই রিয়াল মাদ্রিদের প্রাক-মৌসুম প্রস্তুতিতে যোগ দেওয়ার কথা রয়েছে এন্দ্রিকের। তার প্রতিনিধিরাও বিকল্প হিসেবে আরেকটি লোন চুক্তির সম্ভাবনা বিবেচনা করেছেন।
তবে এন্দ্রিকের ব্যক্তিগত অবস্থান একেবারেই পরিষ্কার। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড রিয়াল মাদ্রিদেই থেকে নিজের জায়গার জন্য লড়াই করতে চান। নতুন মৌসুমে নিয়মিত খেলার সুযোগ আদায় করে নেওয়ার লক্ষ্য নিয়েই তিনি সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরছেন।
Comments