বাংলাদেশ ব্যাংক ও মুদ্রানীতি নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক
ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম এবং দেশের মুদ্রানীতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আজ জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি মুশফিকুর রহমান এমপির সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা, মুদ্রানীতির লক্ষ্য, বাস্তবায়ন কৌশল এবং সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে একটি বিস্তারিত প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। কমিটির সদস্যরা দেশের আর্থিক খাতের স্থিতিশীলতা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টি, ব্যাংকিং খাতের বর্তমান চ্যালেঞ্জ এবং মুদ্রানীতির কার্যকারিতা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
বৈঠকে কমিটির সদস্য ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, চিফ হুইপ মো. নূরুল ইসলাম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ কমিটির অন্যান্য সদস্যরা অংশ নেন।
এছাড়া অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে অর্থনীতির বিভিন্ন সূচক ও বাংলাদেশ ব্যাংকের নীতিগত কার্যক্রম নিয়ে ফলপ্রসূ আলোচনার পাশাপাশি ভবিষ্যতে এই ধরনের বিষয়ভিত্তিক উপস্থাপনা অব্যাহত রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
Comments