সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ
সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দায়ের করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলের বিভিন্ন অপরাধ এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট ঘটনায় এই অভিযোগ আনা হয়েছে।
রোববার (২৬ জুলাই) 'বাংলাদেশ আজাদ পার্টি' ও 'রাষ্ট্রসংলাপ ফোরাম'-এর পক্ষ থেকে ট্রাইব্যুনালে এই অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছাড়াও আরেক সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের নাম রয়েছে। এছাড়া এই তালিকায় বিভিন্ন অভিযোগের ভিত্তিতে বেশ কয়েকজন অভিনয়শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের নামও অন্তর্ভুক্ত করা হয়েছে।
এছাড়া জুলাই গণঅভ্যুত্থান বা তৎকালীন সময়ে বিভিন্ন বিতর্কিত ভূমিকার জন্য তালিকায় থাকা উল্লেখযোগ্য শিল্পীরা হলেন— ফেরদৌস আহমেদ, মেহের আফরোজ শাওন, রিয়াজ আহমেদ, অরুণা বিশ্বাস, শমী কায়সার, রোকেয়া প্রাচী, মাহিয়া মাহি, নিপুণ আক্তার, তানভীন সুইটি, হৃদি হক, জ্যোতিকা জ্যোতি, সাজু খাদেম, সোহানা সাবা, পিয়া জান্নাতুল, শামীমা তুষ্টি, হিরো আলম, আশনা হাবীব ভাবনা, সাইমন সাদিক, জায়েদ খান, সুজাতা আজিম, আজিজুল হাকিম, চন্দন রেজা, আসাদুজ্জামান নূর ও মারিয়া কিসপট্টা।
অভিযোগ দায়েরের পর অবসরপ্রাপ্ত কর্নেল হাসিনুর রহমান ট্রাইব্যুনালে সাংবাদিকদের ব্রিফিং করে বিষয়টি জানান। এ বিষয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম গণমাধ্যমকে জানান যে, সংগঠনগুলোর পক্ষ থেকে দেওয়া অভিযোগগুলো তিনি হাতে পেয়েছেন এবং তা খতিয়ে দেখে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
Comments