হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮১৬
দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (আজকের সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে হামে নিশ্চিত ও উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১৬ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) সর্বশেষ তথ্য অনুযায়ী পরিস্থিতির চিত্রটি নিচে তুলে ধরা হলো:
হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৭২১ এবং গবেষণাগারে নিশ্চিত হওয়া হামে মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ৯৫ জনে। সব মিলিয়ে মোট মৃত্যু ৮১৬ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬১৩ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন। এর ফলে সারা দেশে এ পর্যন্ত মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২২ হাজার ৭৬৩ জনে। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৮ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ২৭২ জনে পৌঁছেছে।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে সন্দেহভাজন হাম নিয়ে মোট ১ লাখ ৫ হাজার ২৯৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ইতিমধ্যে ১ লাখ ১ হাজার ৫৩৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
Comments