লর্ডসে ১৭ বছর পর টেস্ট খেলবে বাংলাদেশ, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
দীর্ঘ ১৭ বছর পর ক্রিকেটের মক্কাখ্যাত লর্ডসে আবারও টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। ২০২৭ সালের মে মাসে ইংল্যান্ড সফরে যাবে টাইগাররা। বৃহস্পতিবার ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) তাদের ২০২৭ সালের আন্তর্জাতিক সূচি প্রকাশ করলে এই ঐতিহাসিক টেস্টের বিষয়টি নিশ্চিত হয়।
আগামী ২৮ মে থেকে ১ জুন পর্যন্ত ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ। ২০১০ সালের পর এই প্রথম ইংল্যান্ড নিজেদের মাটিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট আয়োজনের সুযোগ পাচ্ছে। ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড এই সফর নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে জানান, 'লর্ডসে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। পাশাপাশি বাংলাদেশ নারী দলকে আতিথ্য দেওয়ার সুযোগ পাওয়াটাও আমাদের জন্য দারুণ এক অভিজ্ঞতা।'
পুরুষ দলের একমাত্র টেস্টের পাশাপাশি ২০২৭ সালে ইংল্যান্ডে সফর করবে বাংলাদেশ নারী দলও। তারা ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। এই সিরিজটি দিয়ে ইংল্যান্ড নারী দলের ঘরের মাঠের মৌসুম শেষ হবে। ৮ সেপ্টেম্বর নর্থ্যাম্পটনে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে নারীদের সফর, যা শেষ হবে ২৪ সেপ্টেম্বর ওয়ানডে সিরিজের চূড়ান্ত ম্যাচের মধ্য দিয়ে।
বাংলাদেশ পুরুষ দলের সূচি:
২৮ মে - ১ জুন: একমাত্র টেস্ট, লর্ডস, লন্ডন।
বাংলাদেশ নারী দলের সূচি:
টি-টোয়েন্টি সিরিজ:
৮ সেপ্টেম্বর: প্রথম টি-টোয়েন্টি, নর্থ্যাম্পটন।
১০ সেপ্টেম্বর: দ্বিতীয় টি-টোয়েন্টি, টন্টন।
১২ সেপ্টেম্বর: তৃতীয় টি-টোয়েন্টি, উরচেস্টার।
ওয়ানডে সিরিজ:
১৭ সেপ্টেম্বর: প্রথম ওয়ানডে, হোভ।
২১ সেপ্টেম্বর: দ্বিতীয় ওয়ানডে, ক্যান্টারবারি।
২৪ সেপ্টেম্বর: তৃতীয় ওয়ানডে, চেলমসফোর্ড।
Comments