সরকারের প্রতিটি মুহূর্তই দায়িত্ব ও জবাবদিহির পরীক্ষা : মাহদী আমিন
সরকারের প্রতিটি মুহূর্তই জনগণের কাছে দায়িত্ব ও জবাবদিহির পরীক্ষা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও সরকারের প্রধান মুখপাত্র মাহদী আমিন। শনিবার (১৮ জুলাই) নির্বাচিত বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের 'করবী' হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মাহদী আমিন বলেন, "জনগণ আমাদের ভোট দিয়ে যে আস্থা ও আমানত সঁপেছে, তার প্রতিটি প্রতিশ্রুতির প্রতি সরকার অঙ্গীকারবদ্ধ। আমরা প্রতিদিন জনগণের কল্যাণ ও সেবার মানোন্নয়নে নিজেদের নিয়োজিত রাখছি।"
তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার কোনো মেকি বা লোকদেখানো উন্নয়নে বিশ্বাসী নয়। প্রতিটি কাজের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করাই এই প্রশাসনের মূল লক্ষ্য। গত পাঁচ মাসে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের রোডম্যাপ তৈরি এবং তা ধাপে ধাপে সফল করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে তিনি দাবি করেন। অতিবৃষ্টি ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সরকারের ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে এবং প্রশাসন যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সর্বদা প্রস্তুত রয়েছে।
মাহদী আমিন আরও বলেন, প্রশাসনের সর্বস্তরে সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনে প্রধানমন্ত্রী তারেক রহমানের জিরো টলারেন্স নীতি কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। পাঁচ মাসের এই যাত্রা কেবল শুরু, আগামী দিনে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও জনগণের ক্ষমতায়নে আরও বড় পরিবর্তন দৃশ্যমান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
Comments