সোমবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে চূড়ান্ত ধাপ সম্পন্ন করলেন লেবার পার্টির নবনির্বাচিত নেতা অ্যান্ডি বার্নহ্যাম। ক্ষমতাসীন লেবার পার্টির বিশেষ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে তাকে দলীয় প্রধান ঘোষণা করার পর, আগামী সোমবার (২০ জুলাই) তিনি দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন।
পরিকল্পনা অনুযায়ী, সোমবার বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাজা তৃতীয় চার্লসের কাছে পদত্যাগপত্র জমা দেবেন। এরপর রাজা অ্যান্ডি বার্নহ্যামকে সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন। সেই আমন্ত্রণ গ্রহণ করে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে নতুন মন্ত্রিসভা নিয়ে যাত্রা শুরু করবেন তিনি। আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
দলীয় নেতৃত্ব নিশ্চিত হওয়ার পর বার্নহ্যাম জানান, তিনি দেশের দায়িত্ব নেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত। তার সরকারের মূল অগ্রাধিকারগুলো হবে: লেবার পার্টিকে পুনরায় সাধারণ শ্রমজীবী মানুষের মূল দল হিসেবে প্রতিষ্ঠিত করা। জনসেবা নিশ্চিত করা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক বৈষম্য কমিয়ে আনা। প্রধানমন্ত্রী হলেও নিজের নীতি বদলাবেন না উল্লেখ করে তিনি বলেন, সাধারণ মানুষের বাস্তব অভিজ্ঞতার ওপর ভিত্তি করেই সব সরকারি নীতি নির্ধারণ করা হবে।
কে এই অ্যান্ডি বার্নহ্যাম?
প্রায় এক দশক ধরে গ্রেটার ম্যানচেস্টারের সফল মেয়র হিসেবে দায়িত্ব পালন করায় প্রশাসনিক দক্ষতার জন্য তিনি রাজনীতিতে 'কিং অব দ্য নর্থ' নামে পরিচিত। তিনি ২০০১ থেকে ২০১৭ সাল পর্যন্ত লি আসনের সংসদ সদস্য ছিলেন। এই সময়ে তিনি যুক্তরাজ্যের স্বাস্থ্য ও সংস্কৃতিসহ একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব সামলেছেন। এর আগে ২০১০ সালে এড মিলিব্যান্ড এবং ২০১৫ সালে জেরেমি করবিনের কাছে লেবার পার্টির দলীয় প্রধান হওয়ার লড়াইয়ে তিনি পরাজিত হয়েছিলেন। তবে এবার ব্যাপক জনপ্রিয়তার জেরে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় শীর্ষ নেতৃত্বে চলে আসেন। কিয়ার স্টারমারের পদত্যাগের পর অ্যান্ডি বার্নহ্যাম হতে যাচ্ছেন গত এক দশকের মধ্যে যুক্তরাজ্যের সপ্তম প্রধানমন্ত্রী।
Comments