হাসপাতালে কোনো অনৈতিক কাজ হলে কঠোর ব্যবস্থা: ডিএনসিসি প্রশাসক
হাসপাতালে চিকিৎসাসেবার নামে কোনো ধরনের অনৈতিক বা বাণিজ্যমুখী অপতৎপরতা চললে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।
আজ শুক্রবার (১৭ জুলাই) বিকেলে রাজধানীর শেওড়াপাড়ায় নবনির্মিত 'গ্রীন স্পেশালাইজড হসপিটাল'-এর আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এই মন্তব্য করেন।
ডিএনসিসি প্রশাসক বলেন, 'হাসপাতালে সেবা হতে হবে সেবার মতোই মানবিক। গ্রীন স্পেশালাইজড হাসপাতাল যদি মানুষের কল্যাণে ভালো কাজ করে, তবে উত্তর সিটি করপোরেশন সবসময় তাদের পাশে থাকবে। কিন্তু এর আড়ালে কেউ যদি কোনো অনৈতিক কাজে লিপ্ত হতে চায়, তবে কাউকে ছাড় দেওয়া হবে না।'
তিনি আশা প্রকাশ করেন, দল-মত-নির্বিশেষে এলাকার সব স্তরের মানুষ এই হাসপাতাল থেকে সুন্দর পরিবেশে সঠিক চিকিৎসা পাবেন। একই সাথে হাসপাতালের পরিবেশ রক্ষায় মেডিকেল বর্জ্য সঠিকভাবে সংরক্ষণ ও নিয়ম মেনে অপসারণ করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি বিশেষ আহ্বান জানান তিনি।
Comments