আমরা জনগণের সরকার, মানুষের পাশেই আছি: স্বরাষ্ট্রমন্ত্রী
'আমরা জনগণের সরকার, তাই সবসময় মানুষের পাশেই আছি। জনগণের সেবায় আমরা অঙ্গীকারবদ্ধ এবং যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার সব ধরনের প্রস্তুতি বর্তমান সরকারের রয়েছে।'—এ কথা বলেছেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আজ শুক্রবার (১৭ জুলাই) কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী, বরইতলী ইউনিয়ন, চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কুচপাড়ায় মাতামুহুরী নদীর ভাঙনে বিলীন হওয়া ঘরবাড়ি ও বন্যাদুর্গত বিভিন্ন এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
বন্যাপরবর্তী পুনর্বাসন নিয়ে সরকারের পরিকল্পনার কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানতে সরকারিভাবে জরিপ চালানো হচ্ছে।
তিনি উল্লেখ করেন, গ্রামীণ ও প্রধান রাস্তাঘাট, ঘরবাড়ি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতির হিসাব নেওয়া হচ্ছে। কৃষকের নষ্ট হওয়া ফসল ও গবাদি পশুর ক্ষয়ক্ষতির তালিকাও তৈরি করা হচ্ছে।
তিনি বলেন- জরিপের চূড়ান্ত ফলাফল আসার পর সরকারি, বেসরকারি এবং দলীয় সব ধরনের সহযোগিতা নিয়ে আমরা প্রতিটি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবো এবং পুনর্বাসনের ব্যবস্থা করব।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বন্যা শুরু হওয়ার পর থেকেই দুর্গতদের তাৎক্ষণিক খাদ্যসংকট দূর করতে রান্না করা খাবার সরবরাহ করা হয়েছে। পাশাপাশি শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও জরুরি ওষুধ সরকারি ও বেসরকারিভাবে বিতরণ করা হচ্ছে, যা আগামীতেও অব্যাহত থাকবে।
এর আগে সকাল থেকেই স্বরাষ্ট্রমন্ত্রী সড়কপথে চকরিয়া উপজেলার বিভিন্ন প্লাবিত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। তিনি বানভাসি মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের খোঁজখবর নেন এবং ব্যক্তিগতভাবে জরুরি ত্রাণসামগ্রী তুলে দেন।
ত্রাণ বিতরণ ও পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আরও উপস্থিত ছিলেন—কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না এমপি, বিজিবি'র মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী, কক্সবাজারের জেলা প্রশাসক আব্দুল মান্নান এবং জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী।
এছাড়াও চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার, সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব, জেলা ও স্থানীয় বিএনপি নেতা মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, নুরুল ইসলাম হায়দার, অধ্যাপক মু ফখরুদ্দীন ফরায়েজী এবং এম আব্দুর রহিমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Comments