এইচএসসি পরীক্ষা নিয়ে সরকারের ৫ উদ্যোগ- জানালেন মাহদী আমিন
দেশজুড়ে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতিতে পরীক্ষার্থীবান্ধব ৫টি বিশেষ উদ্যোগের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। আজ বুধবার (১৫ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা স্পষ্ট করেছেন, বৈরী আবহাওয়া বা অনিবার্য কারণে কোনো শিক্ষার্থী চলমান এইচএসসি পরীক্ষার কোনো বিষয়ে অংশ নিতে না পারলে, তারা পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। এসব পরীক্ষার্থী চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ের অভিন্ন প্রশ্নপত্রে, শিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত একই তারিখ ও সময়ে অংশ নিতে পারবেন।
গত সোমবারের এইচএসসি পরীক্ষা পুনরায় নেওয়াসহ বিভিন্ন দাবিতে শিক্ষার্থীদের টানা আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকারের এই অবস্থান সামনে এলো।
সরকারের ৫টি শিক্ষার্থীবান্ধব উদ্যোগ:
মাহদী আমিন তাঁর পোস্টে 'এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনে শিক্ষার্থীবান্ধব পাঁচটি উদ্যোগ' শিরোনামে নিচে উল্লেখিত সিদ্ধান্তগুলো তুলে ধরেন:
- ১. পরীক্ষা চালু রাখার সিদ্ধান্ত: বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তাদের মতামতের ভিত্তিতে, সংখ্যাগরিষ্ঠ শিক্ষার্থীর স্বার্থকে প্রাধান্য দিয়ে চট্টগ্রাম বোর্ড ছাড়া সারা দেশে পূর্বনির্ধারিত সময় অনুযায়ী পরীক্ষা সচল রাখা হয়েছে।
- ২. স্থানীয় প্রশাসনকে বিশেষ ক্ষমতা: জলাবদ্ধতা বা যাতায়াত সমস্যার কারণে কোথাও সংকট তৈরি হলে স্থানীয় প্রশাসন পরিস্থিতি অনুযায়ী তাৎক্ষণিক কেন্দ্র পরিবর্তন, পরীক্ষা স্থগিত বা পরীক্ষার সময় বৃদ্ধি করতে পারবে।
- ৩. অনুপস্থিতদের পুনরায় পরীক্ষার সুযোগ: প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যেসব শিক্ষার্থী চলমান পরীক্ষার কোনো বিষয়ে অংশ নিতে পারেননি, তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া বিষয়ের অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন।
- ৪. ভুলের জন্য পূর্ণ নম্বর: পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষায় আসা দুটি ভুল প্রশ্নের জন্য ক্ষতিগ্রস্ত সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়া হবে।
- ৫. দায়ীদের বরখাস্ত: পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভুল প্রশ্নপত্র প্রণয়নের সঙ্গে জড়িত দায়ীদের ইতিমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
উপদেষ্টা জানান, আবহাওয়া পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হওয়ায় আজ বুধবার চট্টগ্রাম বোর্ড ছাড়া সারা দেশে ২ হাজার ৫৮৩টি কেন্দ্রে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
Comments