সরকার বন্যাদুর্গত মানুষের পাশে আছে, থাকবে: বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এর সরকার চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামসহ দেশের বন্যাদুর্গত মানুষের পাশে আছে, থাকবে। দুর্গত মানুষের যেকোন প্রয়োজনে সরকার সব রকম সহায়তা দিয়ে যাচ্ছে এবং দিয়ে যাবে।
তিনি সোমবার চট্টগ্রামের সাতকানিয়ার কেউচিয়া ইউনিয়নে বন্যাদুর্গত মানুষদের দেখতে, তাদের খোঁজ খবর নিতে এবং ত্রাণ বিতরণকালে অসহায় মানুষদের পাশে থাকার সরকারের অঙ্গীকারের কথা পূণ:ব্যক্ত করেন।
প্রতিমন্ত্রী কেওচিয়া ইউনিয়নের দুর্গত মানুষদের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানান। তিনি বলেন, আমরা জানি গত সাত দিন যাবত আপনারা অনেক কষ্টের মধ্যে দিন পার করছেন। আমরা সৃষ্টিকর্তার দরবারে প্রার্থনা করি যেন এ কষ্টের দিন দ্রুতই শেষ হয়। আমি প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের আশ্বস্ত করতে চাই, প্রতিটি দুর্গত মানুষ, প্রতিটি কষ্টে থাকা মানুষ, প্রতিটি নিরন্ন মানুষের কাছে ইনশাআল্লাহ এ সরকার খাবার পৌঁছে দেবে।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, শুধু এসময় আমরা আপনাদের মুখে খাবার তুলে দেব তা-ই নয়, পানি কমে যাবার পরে যাদের বাসা-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, সে বাসা-বাড়ি মেরামতের খরচও ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের তরফ থেকে দেয়া হবে। যাদের ফসলের খেত নষ্ট হয়েছে, মাছের ঘের ভেসে গেছে, গবাদি পশুর ক্ষয়-ক্ষতি হয়েছে—তারাও যেন ক্ষতি পুষিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, তার জন্য সরকারের তরফ থেকে আমরা উদ্যোগ নেব।
তিনি বলেন, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন প্রথম দিন থেকেই দুর্গত মানুষের কষ্ট লাঘবে কাজ করছে। স্থানীয় এমপিও শুরু থেকে কাজ করছেন। আমি প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এসেছি এ কাজের আরও সমন্বয় সাধন করতে এবং আপনাদের কষ্টে পাশে থাকার জন্য।
প্রত্যন্ত অঞ্চলে আসবার জন্য বাংলাদেশ সেনাবাহিনী সাহায্য করেছে এবং বিমান বাহিনী খাবার নিয়ে বিপন্ন মানুষের দোরগোড়ায় পৌঁছেছে উল্লেখ করে তিনি এসময় সেনাবাহিনী ও বিমানবাহিনীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
মোহাম্মদ জসীম উদ্দিন আহমেদ এমপি, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাসহ উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
Comments