ভারী বৃষ্টির সতর্কবার্তা বাড়ল আরও ২৪ ঘণ্টা, জলাবদ্ধতার ঝুঁকিতে ঢাকা
দেশজুড়ে চলা টানা বৃষ্টি যেন থামছেই না। এই পরিস্থিতিতে ঢাকাসহ দেশের ছয় বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির চলমান সতর্কবার্তা আরও ২৪ ঘণ্টার জন্য বাড়ানো হয়েছে। আজ সোমবার (১৩ জুলাই) বেলা ১১টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য নতুন এই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, মৌসুমি বায়ু অতিরিক্ত সক্রিয় হয়ে ওঠার কারণেই বৃষ্টির এই নতুন সতর্কবার্তা জারি করা হয়েছে। তবে আগামীকাল মঙ্গলবার থেকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে, যা আগামী বৃহস্পতিবার থেকে পুনরায় বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
নতুন সতর্কবার্তা অনুযায়ী—ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সোমবার সকাল থেকেই রাজধানীর মতিঝিল, আরামবাগসহ বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টির কারণে জলাবদ্ধতা তৈরি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর সতর্ক করেছে যে, আজ ঢাকা মহানগরে ভারী বৃষ্টির কারণে আরও জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। আজ সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত মাত্র ৩ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১০৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে কুমিল্লায়। একই সময়ে রাজধানীতে ১৩ মিলিমিটার, বগুড়ায় ৩৫, সিলেটে ৩২, ময়মনসিংহে ২৩, নওগাঁয় ১৮ এবং রংপুরে ১০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
আবহাওয়াবিদ মো. আবদুল হামিদ জানিয়েছেন, আজ দেশের উত্তরাঞ্চলে তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, গতকাল রোববার সারা দেশে বৃষ্টি হয়েছে, যার মধ্যে রাজধানীতে দেশের সর্বোচ্চ ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এছাড়া গতকাল সকাল ৬টা থেকে আজ সোমবার সকাল ৯টা পর্যন্ত মোট ২৭ ঘণ্টায় ঢাকায় ১১০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। টানা এই বৈরী আবহাওয়ার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবী ও সাধারণ মানুষ।
Comments