ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত ২৭
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের চাতুচাক এলাকায় একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৬০ জনের বেশি আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৯ জন পুরুষ ও ১৮ জন নারী রয়েছেন। এছাড়া কয়েকজন এখনও নিখোঁজ বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সোমবার (১৩ জুলাই) দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে রোববার রাত ১২টার কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। সে সময় বারের ভেতরে আটকা পড়া মানুষ প্রাণ বাঁচাতে বেরিয়ে আসার চেষ্টা করছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ভবনের সামনের দিক দিয়ে দাউদাউ করে আগুন বের হচ্ছে এবং আতঙ্কিত মানুষ ছোটাছুটি করছেন।
প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে এর আগেই ঘটনাস্থল থেকে ২৭ জনের ঝলসানো মরদেহ উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, আগুন প্রথম দেখতে পেয়ে এক পথচারী জরুরি সেবায় ফোন করেন। পরে তিনি জানালার কাচ ভেঙে অন্তত দুজনকে উদ্ধার করেন।
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল জানান, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের একটি সুইচ থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর মুহূর্তেই তা পুরো বারে ছড়িয়ে পড়ে। ধোঁয়া ও আগুন থেকে বাঁচতে অনেকেই ভবনের পেছনের শৌচাগারে আশ্রয় নেন। পরে সেখান থেকেই অধিকাংশ মরদেহ উদ্ধার করা হয়।
কর্মকর্তারা জানান, বারের ভেতরে থাকা দাহ্য সাজসজ্জার উপকরণ আগুন দ্রুত ছড়িয়ে পড়ার অন্যতম কারণ হতে পারে। এছাড়া জরুরি নির্গমনপথ টেবিল-চেয়ার দিয়ে আংশিকভাবে বাধাগ্রস্ত ছিল কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।
Comments