যশোরে উগ্রবাদী সংগঠন ‘ফাতাহ কমব্যাট’-এর সদস্য আটক, চাপাতি ও ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার
যশোরে আলোচিত উগ্রবাদী সংগঠন 'ফাতাহ কমব্যাট সিস্টেমস' (এফসিএস)-এর এক সক্রিয় সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে সদর উপজেলার কিসমত নওয়াপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাহসীন ইসলাম (১৯) নামে ওই তরুণকে আটক করা হয়। অভিযানকালে তার ঘর থেকে একটি চাপাতি, বেশ কয়েকটি ইলেকট্রনিক ডিভাইস ও ক্যাবল উদ্ধার করা হয়েছে।
আটক তাহসীন কিসমত নওয়াপাড়া এলাকার ওহিদুল ইসলামের ছেলে। পুলিশ জানিয়েছে, উগ্রবাদী কর্মকাণ্ডের পাশাপাশি তার বিরুদ্ধে আগে থেকেই একটি ডাকাতি মামলা রয়েছে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মিরাজুল ইসলাম জানান, ঢাকার কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটে দায়ের হওয়া একটি মামলার সূত্র ধরে এই অভিযান চালানো হয়। আটক তাহসীন ওই এলাকার একটি ডাকাতি মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাহসীন নিজেকে ফাতাহ কমব্যাট সিস্টেমের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন। তবে যশোরে এই সংগঠনের অন্য কোনো সদস্য বা সক্রিয় কার্যক্রম নেই বলে দাবি করেছেন তিনি। পুলিশ তার এই দাবি যাচাই-বাছাই করছে। পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে তাকে সিটিটিসি-র কাছে হস্তান্তর করা হবে।
সম্প্রতি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসে নতুন এই উগ্রবাদী সংগঠন 'ফাতাহ কমব্যাট সিস্টেম'। শাহ আমানত সাবির নামক এক ব্যক্তির প্রতিষ্ঠিত এই সংগঠনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা মার্শাল আর্ট বা যুদ্ধকৌশল প্রশিক্ষণের আড়ালে তরুণদের উগ্রবাদী কর্মকাণ্ডে উদ্বুদ্ধ ও সম্পৃক্ত করছিল।
এর আগে, গত ৫ জুলাই রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে সমবেত হওয়ার অভিযোগে সংগঠনটির ছয় যুবককে গ্রেফতার করে পুলিশ। সেই সময় সিটিটিসি জানিয়েছিল, এই উগ্রবাদী সংগঠনটির নেটওয়ার্ক দেশের বিভিন্ন জেলায় বিস্তৃত। তদন্তে তাদের সঙ্গে আফগানিস্তান ফেরত উগ্রপন্থিদের সরাসরি যোগাযোগের তথ্য পাওয়া গেছে। একটি বিদেশি দাতব্য প্রতিষ্ঠানের অর্থায়নে পরিচালিত আবাসন প্রকল্পের আড়ালে চক্রটি মূলত আন্তর্জাতিক জঙ্গি সংগঠন 'তেহরিক-ই-তালেবান পাকিস্তান' (টিটিপি)-এর জন্য সদস্য সংগ্রহ করছিল। একই সঙ্গে তারা পাকিস্তানে টিটিপির আদলে এ দেশে 'তেহরিক-ই-তালেবান বাংলাদেশ' (টিটিবি) গঠনের নীল নকশা চূড়ান্ত করছিল।
Comments