চীনে ভয়াবহ ভূমিধস: ২১ বনকর্মীর করুণ মৃত্যু
উত্তর-পশ্চিম চীনের একটি দুর্গম পাহাড়ি এলাকায় এক ভয়াবহ ভূমিধসের ঘটনায় ২১ জন বনকর্মীর মৃত্যু হয়েছে। উদ্ধার অভিযান শেষ হওয়ার পর আজ বুধবার (৮ জুলাই) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।
চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভির প্রতিবেদন অনুযায়ী, এই দুর্ঘটনায় আরও ১২ জন কর্মী প্রাণে বেঁচে গেছেন। অলৌকিকভাবে বেঁচে যাওয়া এই ১২ জনের মধ্যে ৭ জন সামান্য আহত হয়েছেন।
ভূমিধসের এই ঘটনাটি ঘটেছে চীনের গানসু প্রদেশের তানচাং কাউন্টির একটি জনবসতিহীন পাহাড়ি এলাকায়, যা প্রাদেশিক রাজধানী ল্যাংজো থেকে প্রায় ২২০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। গতকাল মঙ্গলবার সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। বনভূমি পরিষ্কার ও রক্ষণাবেক্ষণের কাজে যাওয়ার পথে শ্রমিকদের ওই দলটি আকস্মিক এই ভূমিধসের কবলে পড়ে। সিসিটিভিতে প্রচারিত ভিডিওতে দেখা যায়, পাহাড়ের একটি বিশাল অংশ ধসে নিচে নেমে এসেছে এবং ধসে পড়া মাটি ও পাথর চারপাশের বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিধসের কবলে পড়া এলাকাটি প্রায় ৪০ মিটার চওড়া ছিল। পাহাড় ধসে প্রায় ৫ হাজার ৪০০ বর্গমিটার এলাকা মাটি ও পাথরের নিচে চাপা পড়ে। ধ্বংসস্তূপের গভীরতা ছিল প্রায় ৮ থেকে ১০ মিটার। ভারী খননযন্ত্র (এক্সকাভেটর) ব্যবহার করে দীর্ঘ চেষ্টার পর ধ্বংসাবশেষ সরিয়ে মৃতদেহগুলো উদ্ধার করা হয়।
লংনান শহরের প্রাকৃতিক সম্পদ বিভাগের কর্মকর্তা ইয়াং ইয়াওশিয়ান জানান, প্রাথমিক তদন্তে দেখা গেছে—খাড়া পাহাড়ি ঢাল, তীব্র মাটির ক্ষয় এবং ওই এলাকার বিশেষ ভূতাত্ত্বিক গঠনের কারণেই এই আকস্মিক ভূমিধস ঘটেছে।
তিনি আরও সতর্ক করে বলেন, ধসে পড়া মাটি ও পাথরের স্তূপ এখনো অস্থিতিশীল অবস্থায় রয়েছে। ফলে ওই একই এলাকায় আবারও নতুন করে ভূমিধস হওয়ার উচ্চ ঝুঁকি রয়েছে।
Comments