জনগণ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে- প্রধানমন্ত্রী
বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৯টা ২০ মিনিটে তিনি মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের অধীন অষ্টম বীর-এর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় উপস্থিত হন। সেখানে তিনি বিস্তীর্ণ প্রশিক্ষণ এলাকা পায়ে হেঁটে পরিদর্শন করেন এবং মাঠপর্যায়ে সেনাসদস্যদের পেশাদার প্রশিক্ষণ, শৃঙ্খলা ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী 'ফার্ম বেস'-এর বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও ইউনিটের কমান্ডিং অফিসারের (সিও) কাছ থেকে প্রশিক্ষণ কার্যক্রম ও কৌশলগত প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত অবহিত হন। তিনি একজন কমান্ডারের মৌখিক অপারেশনাল নির্দেশনা (ভার্বাল অর্ডার) মনোযোগ দিয়ে শোনেন এবং সেনাসদস্যদের পরিচালিত একটি 'রেইড' মহড়া প্রত্যক্ষ করেন।
প্রধানমন্ত্রী যুদ্ধক্ষেত্রে সেনাসদস্যদের অবস্থান গ্রহণ, রণকৌশল, সমরাস্ত্রের ব্যবহার এবং বাস্তবধর্মী প্রশিক্ষণের বিভিন্ন দিক ঘুরে দেখেন। তিনি নিজে সেনা বাঙ্কারে নেমে মহড়ায় অংশগ্রহণকারী অফিসার ও সেনাসদস্যদের সঙ্গে রণকৌশল নিয়ে মতবিনিময় করেন। এ সময় গাছের পাতার আড়ালে ছদ্মবেশে অবস্থানরত সেনাসদস্যদের কাছেও যান প্রধানমন্ত্রী, তাদের খোঁজখবর নেন এবং দায়িত্ব পালনে উৎসাহ প্রদান করেন। মহড়া পরিদর্শনের একপর্যায়ে তিনি সেনাসদস্যদের জন্য প্রস্তুত করা তাৎক্ষণিক রান্না করা খাবার গ্রহণ করেন এবং তাদের সঙ্গে চা চক্রে মিলিত হন।
পরে উপস্থিত সেনাসদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, "দেশের জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে। জাতীয় সংকট মোকাবিলা এবং দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর গৌরবময় ভূমিকা রয়েছে।" তিনি সেনাবাহিনীর এই অনবদ্য ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং বাহিনীর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
প্রধানমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন— প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক এবং বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা।
Comments