শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে আইনি কোনো বাধা নেই: রুমিন ফারহানা
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরে প্রচলিত আইনি প্রক্রিয়া অনুসরণ করে আত্মসমর্পণ ও জামিন আবেদন করতে পারেন।
আজ সোমবার (৬ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফেরা ও আইনি প্রক্রিয়া প্রসঙ্গে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, 'আইনগতভাবে অবশ্যই কোনো বাধা নেই। তিনি দেশে ফিরবেন, ফিরে আত্মসমর্পণ করবেন এবং জামিন চাইবেন। আমাদের দেশে নরমাল সিআরপিসি (ফৌজদারি কার্যবিধি)-এর যে আইনি প্রসিডিউর বা নিয়ম রয়েছে—সেটিই তিনি ফলো করবেন।"
বিরোধী দলের পক্ষ থেকে 'ছায়া মন্ত্রিসভা' গঠনের আলোচনা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, বিশ্বের বিভিন্ন দেশে বিরোধী দলে যারা থাকে, তাদের ছায়া মন্ত্রিসভা গঠনের একটি সুন্দর রাজনৈতিক সংস্কৃতি রয়েছে। সেই জায়গা থেকে তারা যদি এটি গঠন করেন, তবে আমরা সবাই অবশ্যই এটিকে স্বাগত জানাই।
তিনি আরও যোগ করেন, "ওনারা (বিরোধী দল) যদি সঠিকভাবে মন্ত্রণালয়ভিত্তিক ওনাদের নিজস্ব পরিকল্পনা তুলে ধরেন এবং বর্তমান সরকারের মন্ত্রণালয়গুলোর কোথায় কী ভুলভ্রান্তি হচ্ছে, সে ব্যাপারে পজিটিভ কোনো ফিডব্যাক বা গঠনমূলক পরামর্শ দেন যে কী করলে ভালো হয়—আমার মনে হয় তা অবশ্যই ইতিবাচকভাবে গ্রহণ করা হবে।"
Comments