অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন
প্রাবন্ধিক, রাষ্ট্রচিন্তাবিদ ও অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন। আজ রবিবার দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
আবুল কাসেম ফজলুল হক বাংলা একাডেমির সভাপতি ছিলেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।
তিনি বলছিলেন, 'স্যার দুপুরে অসুস্থ হয়ে পড়লে মিরপুরের একটা হাসপাতালে নেওয়া হয়। আড়াইটা থেকে তিনটার মধ্যে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলা একাডেমি থেকে আমরা যাচ্ছি স্যারের বাসায়। দাফন এবং শ্রদ্ধা নিবেদনের ব্যাপারে সিদ্ধান্ত হলে জানাব।'
আবুল কাসেম ফজলুল হক নিরপেক্ষ রাজনীতি চিন্তা ও তত্ত্বের জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে দীর্ঘদিন অধ্যাপনা করেছেন। সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।
'সুন্দরম' ও 'লোকায়ত' নামে দুটি সাময়িকপত্রের সম্পাদনা ছাড়াও রয়েছে তার অনেক গুরুত্বপূর্ণ বই। 'একুশে ফেব্রুয়ারি আন্দোলন', 'রাজনীতি দর্শন', 'সাহিত্য চিন্তা', 'সংস্কৃতির সহজ কথা'-এর মতো ২০টির বেশি বই প্রকাশিত হয়েছে এই অধ্যাপকের।
তার সম্পাদনায় প্রকাশিত হয়েছে 'ইতিহাসের আলোকে বাংলাদেশের সংস্কৃতি', 'স্বদেশচিন্তা'-এর মতো একাধিক গ্রন্থ। ১৯৮১ সালে তিনি পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার।
Comments