দুই দেশে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান
চেক রিপাবলিক ও স্লোভাকিয়ায় পাঁচ দিনের অত্যন্ত তাৎপর্যপূর্ণ এক সরকারি সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
শুক্রবার (৩ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
আইএসপিআর-এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সফরকালে বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন এবং দুই দেশের সাথে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক ও সামরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে সেনাপ্রধান উভয় দেশের প্রতিরক্ষা ও সামরিক খাতের শীর্ষস্থানীয় নীতিনির্ধারক এবং সামরিক ব্যক্তিত্বদের সঙ্গে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক ও মতবিনিময় করেন।
এছাড়াও, জেনারেল ওয়াকার-উজ-জামান সফরকালে দেশ দুটির বিভিন্ন স্বনামধন্য সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান এবং উন্নত প্রতিরক্ষা শিল্প-স্থাপনা (ডিফেন্স ইন্ডাস্ট্রিজ) সরেজমিনে পরিদর্শন করেন। আধুনিক সামরিক সরঞ্জাম ও প্রযুক্তিগত আদান-প্রদানের ক্ষেত্রে এই পরিদর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
উল্লেখ্য, দ্বিপাক্ষিক সামরিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদারের অংশ হিসেবে গত ২৮ জুন (২০২৬) এক সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছিলেন সেনাবাহিনী প্রধান।
Comments